মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ট্রলার ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন স্কুলশিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। তবে গত দুই দিনে এই ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়।
কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে এই ঘাট থেকে মো. মহসিন বেপারীর একটি স্পিডবোট ১০ জন যাত্রী নিয়ে মাওয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। স্পিডবোটটি ওই নৌপথের লৌহজং টার্নিংয়ের কোরলী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে স্পিডবোটের যাত্রীরা নদীতে পড়ে যান। দুর্ঘটনার পর সব যাত্রীই সাঁতরে তীরে উঠেছেন বলে স্পিডবোট কর্তৃপক্ষ জানায়।
কিন্তু দুর্ঘটনার পরের দিন বুধবার বিকেল থেকে নিখোঁজ যাত্রীদের সন্ধানে তাঁদের স্বজনেরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। স্বজনেরা এদিন রাতে অলিদ শিকদার (৩০) নামের এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেন। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর সহায়তায় স্বজনেরা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র সেজানুর রহমান সুমন (২২) এবং মজিবুর খান (৪০) নামের আরেক ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেন। লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে নদীর পাড়ে এক হূদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
নিহত অলিদ শিকদার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাধাহ গ্রামের নিজ বাড়ি থেকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। ছাত্র সেজানুর রহমান লোহাগড়ার পাচুরীয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। মজিবুর খান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চরদুয়ারী গ্রামের মৃত জমির খানের ছেলে। নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।