রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের সাবেক স্বামী ও একই বিভাগের শিক্ষক তানভীর আহমদকে বিশেষ ছুটি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত শনিবার রাতে সিন্ডিকেটের ৪৭০তম সভায় এ সিদ্ধান্ত হয়।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক আখতার ফারুক জানান, আকতার জাহানের মৃত্যুকে কেন্দ্র করে বিভাগের শিক্ষকেরা অনাস্থা প্রকাশ করায় তানভীর আহমদ নিজেকে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখেন। এ জন্য তিনি ছুটি নিয়েছিলেন। ছুটি শেষ হয়ে যাওয়ায় সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদানের জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। বিষয়টি নিয়ে সিন্ডিকেটে আলোচনা হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে একটি তদন্ত কমিটি কাজ করায় তাঁকে বিশেষ ছুটি দেওয়া হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত তিনি এই ছুটিতে থাকবেন।
গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে জুবেরী ভবনে নিজ কক্ষ থেকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর কক্ষ থেকে ‘সুইসাইড নোট’ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মতিহার থানায় মামলা করেন তাঁর ছোট ভাই কামরুল হাসান।
ঘটনার পর আকতার জাহানের সাবেক স্বামী তানভীর আহমদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ওই অভিযোগ যৌন হয়রানি নিপীড়ন নিরোধ নীতিমালা ২০১০-এর মধ্যে না পড়ায় নতুন কমিটি গঠনের সুপারিশ করা হয়। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে সিন্ডিকেট সভায় পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুলতান-উল-ইসলামকে প্রধান করে তিন সদস্যদের নতুন কমিটি করা হয়।