শিক্ষক থেকে প্রধানমন্ত্রী
প্রথাসিদ্ধ রাজনীতিক তিনি নন। শিক্ষাবিদ, চিন্তাবিদ—এসব বিশেষণই তাঁর নামের সঙ্গে সুপ্রযুক্ত। মেঠো বক্তৃতা দিয়ে রাজনীতির মাঠ গরম করার চেয়ে সুধীজনদের উপস্থিতিতে চিন্তাশীল কোনো বিষয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতে অনেক স্বচ্ছন্দ বোধ করেন তিনি। তার পরেও তিনি ভারতের প্রধানমন্ত্রী। জওহরলাল নেহরুর পর তিনি দীর্ঘ সময় টানা প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত। তিনিই ড. মনমোহন সিং।অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশের গাহ্ নামের এক গ্রামে (বর্তমানে পাকিস্তানে) মনমোহনের জন্ম। সেটা ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর। বাবা গুরমুখ সিং, মা অমৃত কৌর। দেশ ভাগের পর তাঁর পরিবার আশ্রয় নেয় পূর্ব পাঞ্জাবের অমৃতসরে। ১৯৪৮ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যাট্রিক পাস করেন তিনি। এরপর ছাত্র হিসেবে তাঁর হিসাবের খাতাটা শুধু সাফল্যের খতিয়ানে ভর্তি। অর্থনীতিতে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে। দুটোতেই ছিল প্রথম শ্রেণী। এরপর অর্থনীতি নিয়ে আরও পড়াশোনা কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ভারতের রপ্তানিবিষয়ক গবেষণা প্রতিবেদনের জন্য অক্সফোর্ড থেকে ১৯৬২ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। পরে তাঁর গবেষণা থিসিস বই আকারে প্রকাশিত হয়। লন্ডনে পড়াশোনার পাট চুকিয়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। ১৯৫৮ সালে বিয়ে করেন গুরশরণ কৌরকে।শিক্ষকতা করেন দিল্লি স্কুল অব ইকোনমিক্সে। সেখান থেকে সরাসরি ভারত সরকারের কাজে যুক্ত হন মনমোহন। ১৯৭১ সালে মনমোহন সিং কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে সরকারি কাজ শুরু করেন। পরের বছরই অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। এরপর একের পর এক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয় মনমোহন সিংকে। এর মধ্যে ছিল কেন্দ্রীয় অর্থসচিব, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, রিজার্ভ ব্যাংকের গভর্নর। এসব গুরুদায়িত্ব পালন করতে করতে তিনি পেয়েছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ, নেহরু শতবর্ষ পুরস্কার, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাডাম স্মিথ পুরস্কারসহ দেশে-বিদেশের নানা পুরস্কার। অক্সফোর্ড ও কেমব্রিজসহ একাধিক বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মান সূচক ডিগ্রি দিয়েছে। পড়াশোনা ও সরকারি চাকরির জগৎ থেকে একেবারে রাজনীতির কঠিন বাস্তবতায় সরাসরি যুক্ত হতে হবে, এটা বোধহয় কোনো দিনই ভাবেননি মনমোহন। ১৯৯১ সালে রাজীব গান্ধীর মৃত্যু, কংগ্রেসের ক্ষমতায় ফেরা, নরসিমা রাওয়ের নতুন সরকার—সবকিছুই উলটপালট করে দিল তাঁর। নরসিমার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে যোগ দিয়ে ভারতের আজন্ম লালিত মিশ্র অর্থনীতিকে নিয়ে গেলেন মুক্তবাজারের পথে। আজ ভারতের যে সমৃদ্ধি, তার পেছনে অবশ্যই মনমোহনের দূরদৃষ্টির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ’৯১-এর পর আবার আবার ভাগ্যের পরিবর্তন ২০০৪ সালে। সবাই ধরে নিয়েছিলেন এ বছর নির্বাচনে জয়ী দলের নেত্রী হিসেবে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন সোনিয়া গান্ধী। কিন্তু একশ্রেণীর বিরোধী সদস্যের তীব্র সমালোচনার মুখে সরে দাঁড়ালেন সোনিয়া। প্রধানমন্ত্রীর গুরুভার তুলে দিলেন তাঁরই অতি বিশ্বস্ত মনমোহন সিংয়ের কাঁধে। জোট রাজনীতির বাধ্যবাধকতা সত্ত্বেও তিনি সফলভাবে পালন করে গেলেন দায়িত্ব। ফল মিলল হাতে হাতে। ২০০৯ সালে আরও বিপুল বিক্রমে, বলা যায় প্রায় এককভাবে ভারতের মসনদে ফিরে এল কংগ্রেস, আবার দায়িত্ব পেলেন মনমোহন।স্ত্রী, তিন কন্যা, নাতি-নাতনি নিয়ে সুখের সংসার তাঁর। হয়তো ২০১৪ সালের পরে এই সংসারের সার্বক্ষণিক সদস্য হতে পারবেন তিনি।