শিক্ষক দম্পতিসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার মাধ্যমে বেতনের অতিরিক্ত টাকা উত্তোলনের অভিযোগে পাবনায় এক শিক্ষক দম্পতিসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।কমিশনের উপসহকারী পরিচালক মো. মোশারফ হোসেন বাদী হয়ে গত শনিবার পাবনা সদর থানায় মামলা দুটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন: পাবনা সদর উপজেলার চররাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম, তাঁর স্ত্রী ও বালিয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছালমা খাতুন, সদর উপজেলার সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জয়নাল আবেদিন, জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর কে এম ইদ্রিস আলী ও বেড়া উপজেলা শিক্ষা কার্যালয়ের সুপার খন্দকার মাহফুজুল হক। মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৯-১০ অর্থবছরে ওই শিক্ষক দম্পতি তাঁদের বেতন শিটে ফ্লুইড লাগিয়ে মূল বেতনের দ্বিগুণ অর্থ উত্তোলন করেন। এতে নয় মাসে তাঁরা বেতনের অতিরিক্ত প্রায় ৭১ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। আর এ কাজে মামলার অন্য আসামিরা তাঁদের সহযোগিতা করেন।