শিক্ষার্থীর অনুপাতে কুমিল্লা নগরের গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রয়োজন কমপক্ষে ২৫ জন, কিন্তু আছেন মাত্র ১৩ জন। এ অবস্থায় শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও শিক্ষকেরা।প্রধান শিক্ষক মো. আবুল হাফেজ ভূঞা বলেন, ‘প্রতিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি ৪০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকার কথা। সেই হিসেবে আমাদের এক হাজার ১৫ জন শিক্ষার্থীর জন্য ২৫ জনের মতো শিক্ষক প্রয়োজন। বিদ্যালয়ে ১৪ জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন ১৩ জন। মডেল স্কুল হিসেবে এখানে আরও শিক্ষকের প্রয়োজন।’বিদ্যালয় থেকে জানা যায়, ১৯৭৭ সালে কুমিল্লা নগরের ধর্মসাগরের উত্তর পাড়ের ৪০ শতক জায়গায় গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই প্রতিষ্ঠানটির সাফল্য অব্যাহত আছে। বর্তমানে দুটি ভবনে ১২টি শ্রেণীকক্ষে পড়াশোনা করছে এক হাজার ১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে শিশু শ্রেণীতে ৭১ জন, প্রথম শ্রেণীতে ১৩০ জন, দ্বিতীয় শ্রেণীতে ১৫০ জন, তৃতীয় শ্রেণীতে ২২১ জন, চতুর্থ শ্রেণীতে ২০৪ জন ও পঞ্চম শ্রেণীতে ২৩৯ জন শিক্ষার্থী রয়েছে। ছাত্র ৫৫৪ জন ও ছাত্রী ৪৬১ জন। শিশু শ্রেণী ছাড়া অন্য সব শ্রেণীতেই দুই বা ততোধিক শাখা রয়েছে। বিদ্যালয়ের ১৩ জন শিক্ষক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত ক্লাস নিতে গিয়ে হাঁপিয়ে উঠছেন। বিদ্যালয়ে অবিলম্বে নতুন শিক্ষকের পদ সৃষ্টি করে দুটি পালা চালু করার দাবি জানিয়েছেন শিক্ষকেরা।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মঞ্জুর কাদের ও সদস্য দিলনাশি মোহসেন বলেন, ‘শিক্ষার্থীদের অনুপাতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় পাঠদান কিছুটা ব্যাহত হচ্ছে।’আদর্শ সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, ‘শিক্ষকসংখ্যা বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) গোলামুর রহমান বলেন, ‘এটি একটি মডেল বিদ্যালয়। কিন্তু শিক্ষক কম। শিক্ষকের পদ সৃষ্টির জন্য প্রস্তাব করা হবে।’