শিক্ষক দিবসে ১২ গুণী শিক্ষককে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বখাটেরা এসিড ছুড়ে আমার চোখের আলো নিভিয়ে দিতে চেয়েছিল। শিক্ষার্থীদের পাঠদান করা থেকে বিরত রাখার অপচেষ্টা করেছিল। কিন্তু সবার দোয়া ও ভালোবাসায় আমি শ্রেণীকক্ষে ফিরে এসেছি।...শিক্ষক দিবসে সম্মাননা পেয়ে পেশার প্রতি দায়িত্বটা আরও বেড়ে গেল।’সম্মাননা পাওয়ার পর এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন এসিড-সন্ত্রাসের শিকার আল-আমিন মোল্লা। তিনি কুমিল্লার আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের গণিতের শিক্ষক।বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার কুমিল্লা গণিত ক্লাবের উদ্যোগে জেলার মোট ১২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। বেলা ১১টায় নগরের কান্দিরপাড়ের বীরচন্দ্র নগর মিলনায়তনে (টাউন হল) এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের সম্মাননা দেওয়া হয়।সম্মাননা পাওয়া শিক্ষকেরা হলেন: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান মো. আবু জাফর খান, মুরাদনগরের অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. আবদুল মজিদ, চৌদ্দগ্রামের আলহাজ নূর মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মো. আবু ছালেক, ব্রাহ্মণপাড়ার শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবীর মাসউদ, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক আল-আমিন মোল্লা ও জসিম উদ্দিন, বরুড়ার শাহেরবানু আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাফেজ ভূঁঞা ও বরুড়ার পয়ালগাছা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাঈদ আলী (মরণোত্তর)।অনুষ্ঠানে গুণী শিক্ষকদের হাতে পদক তুলে দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর।