শিক্ষক নন, তবু শিক্ষক সমিতির সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা মাদ্রাসাশিক্ষক সমিতির (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কাজলা আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ টি এম নূরউদ্দিন। তিনি অবসরে চলে যাওয়ার পরও তাঁকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে সরকারি নিয়ম অনুযায়ী, যেসব শিক্ষক চাকরিতে কর্মরত রয়েছেন শুধু তাঁদের মধ্য থেকে শিক্ষক সমিতির নেতা-সদস্য নির্বাচিত করার বিধান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক সমিতির কয়েকজন নেতা জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি কাজলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম নূরউদ্দিনের চাকরির মেয়াদ শেষ হলে তিনি অবসরে যান। ২০১৪ সালের ৩১ মার্চ আলোচনার মাধ্যমে ১৮ সদস্যবিশিষ্ট উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি গঠন করা হয়। কতিপয় শিক্ষক কৌশলে এ টি এম নূরউদ্দিনকে সমিতির সভাপতির দায়িত্ব দেন। এর পর থেকে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁরা আরও জানান, এ উপজেলায় মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃত্ব দেওয়ার মতো অনেক যোগ্য শিক্ষক রয়েছেন। কিন্তু কতিপয় শিক্ষকের স্বার্থে একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সভাপতি করা হয়েছে।
উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহিলাটি আবদুল হালিম হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আবদুছ ছাত্তার জানান, মুরুব্বি হিসেবে অবসরপ্রাপ্ত এ টি এম নূরউদ্দিনকে সভাপতি করা হয়েছে। কমিটি গঠনের সময় সব শিক্ষক এতে সম্মতি দিয়েছেন।
এ ব্যাপারে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ টি এম নূরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি (তিনি) চাকরি থেকে অবসর নেওয়ার পর মাদ্রাসার শিক্ষকেরা আমাকে সমিতির সভাপতি করেছেন। তবে তাঁরা আমাকে পদ দিতে চাইলে আমি না করিনি।’
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী খান জানান, সরকারি নিয়ম অনুযায়ী যাঁরা বর্তমানে শিক্ষক কেবল তাঁরাই সমিতির পদ পেতে পারেন। তাড়াইলে এর ব্যত্যয় ঘটেছে বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, যেসব শিক্ষক অবসরে চলে গেছেন, তাঁরা আলাদাভাবে কোনো সংগঠন করতে পারেন। কিন্তু শিক্ষক সমিতিতে তাঁদের পদ-পদবি পাওয়ার কোনো বিধান নেই।