শিক্ষক না থাকায় শুরু হচ্ছে না পড়াশোনা

নতুন ভবন আছে, আছে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীও। কিন্তু শিক্ষক না থাকায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করা যাচ্ছে না। উপায় না থাকায়, মহেশপুরের শিশুরা দেড় কিলোমিটার দূরের এক বিদ্যালয়ে পড়তে যাচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা বলেন, মহেশপুর মহল্লাটি পৌর শহরের ১২ নম্বর ওয়ার্ড এলাকায়। এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রামশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আশপাশে আর কোনো বিদ্যালয় না থাকায় ওই বিদ্যালয়টিতে এলাকার অধিকাংশ ছেলেমেয়ে লেখাপড়া করে।
তাই নিজেদের এলাকায় একটি বিদ্যালয় গড়তে তাঁরা অনেক দিন ধরে চেষ্টা করছেন। একসময় উপজেলা শিক্ষা কার্যালয় থেকে জানানো হয়, জমি দান করা হলে সরকারি অর্থে ভবন নির্মাণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব। শেষে ১৯৯৭ সালে মহেশপুর এলাকার সুরেশ দাস ও রাজকুমার দাস নামে দুই ব্যক্তি ৩৩ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করেন। জমি পাওয়ার পর বিদ্যালয় গড়ার অনুমোদন পাওয়া যায়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৪ সালে প্রায় ৯৪ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণের কাজ শেষ হয়।
কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তা এ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিতে না পারায় এখানে পড়াশোনা শুরু করা যায়নি। ওই ভবন খালি পড়ে আছে। এরই মধ্যে দুটি শিক্ষাবর্ষও পার হয়ে গেছে। এ বিদ্যালয় চালু হলে মহেশপুর ছাড়াও রামশংকরপুর দক্ষিণপাড়া ও নয়াহাটি এলাকার পাঁচ শতাধিক ছেলেমেয়ে উপকৃত হবে।
এলাকার মুদি দোকানি সঞ্জিত দাস বলেন, ‘আমার সন্তানকে দূরের বিদ্যালয়ে পাঠাতে হচ্ছে। দূর বলে সপ্তাহের দুই দিনের বেশি সে বিদ্যালয়ে যেতে চায় না। বাড়ির কাছের বিদ্যালয়টি চালু হলে অন্তত ক্লাস ফাঁকি দিত না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহাগ আহমেদ বলেন, বিদ্যালয়টির অবস্থান উপজেলা সদর থেকে দূরে। এই কারণে এই বিদ্যালয়ের জন্য প্রেষণে শিক্ষক পাওয়া যাচ্ছে না। তবে চেষ্টা-তদবির করে আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠদান চালু করা যায় কি না, সে চেষ্টাই করে যাচ্ছেন তিনি।