শিক্ষক নিবন্ধন পরীক্ষা আজ শুরু
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে বিদ্যালয় স্তরের এবং আগামীকাল শনিবার কলেজ স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের পুরোনো ২০টি জেলায় নির্ধারিত কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে পরীক্ষার প্রবেশপত্রের তথ্য প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে এবং প্রবেশপত্র অনলাইনে পাঠানো হয়েছে। তবে বেশ কিছু পরীক্ষার্থী অভিযোগ করেছেন, তাঁরা প্রবেশপত্র পাননি। এনটিআরসিএর চেয়ারম্যান বেগম মমতাজ আহমেদ অবশ্য প্রথম আলোকে বলেছেন, ‘যাঁরা পাননি বলে আমাদের কাছে এসেছিলেন, তাঁদের মধ্যে যাঁরা সঠিক ছিলেন, তাঁদের প্রবেশপত্র দেওয়া হয়েছে।’এদিকে পরীক্ষার আগের দিন গতকাল বিদ্যালয় পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে গুজব ছড়িয়ে পড়ে। হাতে লেখা একটি প্রশ্নপত্রের ফটোকপিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তবে এনটিআরসিএর চেয়ারম্যান বলেছেন বিষয়টি গুজব।