শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রার্থী তিন লাখের বেশি
এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের প্রাক-যোগ্যতা অর্জনের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গতকাল শুক্রবার শুরু হয়েছে। এই পরীক্ষায় দেশের তিন লাখ ২১ হাজার ৩০১ জন প্রার্থী অংশ নিচ্ছেন।সরকারি অনুদান পাওয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হতে হলে এই নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষক বেতনের সরকারি অংশ পাবেন না। শিক্ষকতা পেশায় স্বজনপ্রীতি, দলীয়করণ বন্ধ এবং অযোগ্যদের প্রবেশ ঠেকাতে এই পরীক্ষা চালু হয়। ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রার্থী ছিলেন দুই লাখ ৭০ হাজার। এবার প্রার্থীসংখ্যা বেড়েছে ৫০ হাজারের বেশি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় এনটিআরসির চেয়ারম্যান মমতাজ বেগম উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, শিক্ষকতা পেশায় মেধাবীদের অংশগ্রহণের প্রবণতা ক্রমান্বয়ে বাড়ছে। তিনি ভবিষ্যতে এ পরীক্ষায় আবেদনকারীদের কোনো আবেদনপত্র যাতে বাদ না পড়ে, এ জন্য আবেদনকারী ও এনটিআরসিএ কর্তৃপক্ষকে আরও সতর্ক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।এ বছর দেশের ২৫৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে কলেজ পর্যায়ের পরীক্ষা।শিক্ষক হওয়ার যোগ্যতা প্রাক-যোগ্যতা অর্জনের এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে দুই লাখ আট হাজার ৩৫৯ জন পুরুষ এবং এক লাখ ১২ হাজার ৯৪২ জন মহিলা। স্কুল-মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে ৪৪টি বিষয়ে দুই লাখ দুই হাজার ৮৯৯ এবং কলেজ পর্যায়ে ৩৬টি বিষয়ে এক লাখ ১৮ হাজার ৪০২ জন পরীক্ষা দিচ্ছেন। এ পরীক্ষার আবেদন গ্রহণ, প্রবেশপত্র প্রাপ্তি, কেন্দ্র-সম্পর্কিত তথ্য জানার জন্য অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। এ বিষয়ে কারিগরি সহায়তা দিচ্ছে টেলিটক।