শিক্ষক নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রলীগ কর্মীদের ভাঙচুর
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কৃতকার্য হতে না পেরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় ও জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছেন সরকারদলীয় ছাত্র সংগঠনের একদল কর্মী।
গত সোমবার রাত আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কাউকে আটক করতে পারেনি।
শিক্ষক নিয়োগ প্রার্থী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের নাম প্রকাশ করার খবর পেয়ে অনেকেই জেলা পরিষদ কার্যালয়ে ছুটে যান। এর কিছুক্ষণ পর ছাত্রলীগ কর্মীরা নিজেদের নাম না ওঠার কথা বলে ভাঙচুর শুরু করেন। এর পরই তাঁরা মোটরসাইকেল ও অটোরিকশায় করে পুরাতন বাস স্টেশনের দিকে চলে যান। পরে সেখানেও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে বলে জানা গেছে।
রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক কামরুল হাসান বলেন, ‘ঘটনার পর পরই আমরা জেলা পরিষদ কার্যালয়ে যাই। তবে ওই সময় হামলাকারীরা পালিয়ে যান।’ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও শিক্ষা উপকমিটির আহ্বায়ক অংসুই প্রু চৌধুরী দাবি করেন, নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে। যাঁরা কৃতকার্য হতে পারেননি তাঁরাই এ কাজ করেছেন। রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর বলেন, কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি আওয়ামী লীগের কার্যালয়ে হামলার চেষ্টা করেছে।