ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রত্যাশী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের বাধায় শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবনে অর্থনীতি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারিত ছিল। বোর্ডে আগত কয়েকজন প্রার্থীকে বেলা ১১টার দিকে ওই কার্যালয়ের সামনে থেকে তাড়িয়ে দেন চাকরিপ্রত্যাশীরা। তাঁদের বাধার কারণে কোনো প্রার্থীই বোর্ডে যেতে পারেনি। পরে বেলা সোয়া দুইটার দিকে অনিবার্য কারণ দেখিয়ে বোর্ড স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আগামী ২৯ জুলাই পরিসংখ্যান ও ২ আগস্ট আইন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডও স্থগিত করে প্রশাসন। এ বোর্ডের পরের তারিখ ঘোষণা করা হয়নি। নিয়োগ বোর্ড স্থগিত হলেও গতকাল প্রায় সব বিভাগেই স্বাভাবিক ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
চাকরিপ্রত্যাশী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল জোয়ার্দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমাদের চাকরি দেওয়া না হলে বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো নিয়োগ দিতে দেওয়া হবে না।’