শিক্ষক নিয়োগে আলাদা কমিশন গঠনের তাগাদা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগে মান বজায় রাখতে আলাদা কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ তাগাদা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আলাদা কমিশন ছাড়া যোগ্য শিক্ষক নিয়োগ নিয়ে বিদ্যমান সমস্যার সমাধান হবে না।’ শিক্ষক নিয়োগের বিষয়টি প্রতিদিনের কাজ বিধায় এটা একটা জটিল ব্যাপার বলেও তিনি উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। এ ব্যাপারে যেকোনো ধরনের জটিলতা এড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে।

আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা
আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছে এবং নতুন পে-কমিশন বিভিন্ন বেতন স্কেলের মধ্যকার পার্থক্য নিরসন করবে। এ ছাড়া সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যসংখ্যা চারের পরিবর্তে ছয় হিসাব করে শিক্ষকদের বেতন ও অন্যান্য সুবিধা নির্ধারণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রণালয়কে বাংলাদেশ সচিবালয়ে শিশুদের জন্য ডে কেয়ার সেন্টারে একটি প্রাক-প্রাথমিক স্কুল চালু করার প্রস্তাব দিয়েছেন। তিনি ঢাকার বাইরে আন্তস্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে ও পাঠ্যবহির্ভূত কার্যক্রমে শিশুদের মেধা বিকাশে পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে প্রতিটি মন্ত্রণালয় পরিদর্শনের পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যান। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বাসস।