সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
কলেজ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ২১ ফেব্রুয়ারি শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইংরেজি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষায় পক্ষপাতিত্ব করে বেশি নম্বর দিয়ে পছন্দের প্রার্থীকে চাকরি দেওয়ার সবকিছু চূড়ান্ত হয় ওই দিন। বিষয়টি জানাজানি হলে ক্ষুদ্ধ এলাকাবাসী অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কলেজের কয়েকজন শিক্ষক জানান, পরিচালনা কমিটির সঙ্গে আঁতাতের মাধ্যমে অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রার্থীকে জালিয়াতি করে কম নম্বর দিয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এক প্রার্থীকে প্রথম বানিয়ে চাকরি দেওয়ার প্রস্তুতি নেন। গোপনে এ তৎপরতা চললেও বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় এলাকাবাসী খেপে ওঠে।
স্থানীয় বাসিন্দা আকতার হোসেন বলেন, অধ্যক্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মোস্তফা কামাল নামের একজন প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় জালিয়াতি করে বেশি নম্বর দিয়ে প্রথম বানান। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রার্থী কামাল পাশাই পরীক্ষায় প্রকৃতভাবে প্রথম হন।
অধ্যক্ষ খোশলেহাজ উদ্দীন বলেন, নিয়মানুযায়ী নিয়োগ কমিটিই পরীক্ষা নিয়েছে। চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। পরিচালনা কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। নিয়োগে কোনো অনিয়ম করা হয়নি দাবি করে অধ্যক্ষ আরও বলেন, ‘এলাকাবাসী অন্যায়ভাবে আমার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।’