শিক্ষক নিয়োগের অনুকরণীয় পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যতিক্রমধর্মী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। নিয়োগে স্বচ্ছতা আনার জন্য এমন করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সরকার বলেন, এক বছরের বেশি সময় ধরে কেশবপুরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ-প্রক্রিয়া বন্ধ ছিল। ১৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষকের পদ শূন্য আছে। এর মধ্যে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে গত সোমবার শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এই প্রতিষ্ঠানগুলোতে ৮২ জন আবেদন করেন। এর মধ্যে ৬২ জন পরীক্ষায় অংশ নেন।
কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, এর আগে শিক্ষক নিয়োগ-বাণিজ্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বচ্ছ নিয়োগ-প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য কেশবপুরের সাংসদ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক নিয়োগ-প্রক্রিয়া সম্পাদনের জন্য ইউএনওকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি করে দেন।
ইউএনও আরও জানান গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে নিয়োগ দেওয়ার জন্য তাঁরা তিনটি সভা করেন। গত সোমবার সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির বই খুলে যে পাতা ওঠে সেখান থেকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। নির্বাচিত অনুচ্ছেদগুলো সবার কাছে থেকে নিয়ে সেগুলো লটারির মাধ্যমে দেওয়া হয়। প্রশ্ন করার সময় সবাই তালাবদ্ধ ঘরে ছিলেন।
এরপর কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগসংক্রান্ত কাজে অংশগ্রহণকারীরা নিয়োগ না হওয়া পর্যন্ত ওই কক্ষেই অবস্থান করেন। কোড ব্যবহার করা খাতাগুলো মূল্যায়ন করেন মনিরামপুর উপজেলা থেকে আসা চারজন শিক্ষক। এরপর পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হয়। পরে ফলাফল ঘোষণা করা হয়।
ওই ১১টির মধ্যে চারটি প্রতিষ্ঠানের কেউই নিয়োগ পাননি। কারণ ৭০ নম্বরের মধ্যে ৩৩ পাওয়ার নিয়ম থাকলেও ওই প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা ১৫ থেকে ১৭ পেয়েছেন।
এ বিষয়ে অনুত্তীর্ণ প্রায় আটজনের সঙ্গে কথা হয়। কেশবপুর উপজেলার বারুইহাটি গ্রামের অাবদুস সালাম বলেন, যে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে এখানে কোথাও স্বচ্ছতার অভাব ছিল না।
কাটাকালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বারিন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘সবাইকে নিয়ে আমরা মৌখিক পরীক্ষা নিয়েছি। সেখানে ইউএনও সাহেব কোনো হস্তক্ষেপ করেননি।’
কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যে পদ্ধতিতে নিয়োগ হয়েছে সেটি একটি মডেল হতে পারে। পদ্ধতিটি অনুসরণ করলে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেওয়া যাবে।