শিক্ষক নির্যাতনের ঘটনায় তিনজনকে হাজির হওয়ার নির্দেশ
এক শিক্ষককে নির্যাতনের ঘটনায় বরিশালের উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিনজনকে তলব করেছেন হাইকোর্ট। নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে ১৫ নভেম্বর তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে।গতকাল বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এই আদেশ দেন।ওসি ছাড়া হাজিরের আদেশ পাওয়া অন্য দুজন হলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা লিটন পান্ডে ও উজিরপুর উপজেলার নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি চিত্তরঞ্জন বড়াল।গত ২১ অক্টোবর ‘চাকরি দিতে অনিয়ম না করার জের/ বরিশালে শিক্ষককে মেরে জুতার মালা পরিয়ে দিল আওয়ামী লীগ নেতা’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফর পিসের পক্ষে গতকাল রিট করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশীদুল আলম।রুলে ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে দণ্ডবিধি অনুসারে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বরিশালের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সাত বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, গত ১৯ অক্টোবর উজিরপুরের নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে কেরানি পদে নিয়োগ পরীক্ষা হয়। ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন পান্ডেসহ ১৫ জন ওই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার পর নিয়োগ পান রতন রায় নামের একজন। চাকরি না পেয়ে ক্ষুব্ধ লিটন পান্ডে দলবল নিয়ে চড়াও হন প্রধান শিক্ষক অনাথ বন্ধু হালদারের ওপর। আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে দেন।