শিক্ষক নিয়োগ নীতিমালায় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫০০তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানসহ অন্য সিন্ডিকেট সদস্যরা।

এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি শুক্রবার। দাপ্তরিক কাজের সময়সীমা সকাল সোয়া আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক কামরুল হুদা প্রথম আলোকে বলেন, সিন্ডিকেট সভায় আগামী বছরের শুরু থেকে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার করার সিদ্ধান্ত হয়েছে। তবে দাপ্তরিক কাজের সময়সীমা বাড়িয়ে বিকেল চারটা পর্যন্ত করা হয়েছে।

অধ্যাপক কামরুল হুদা বলেন, আগে শুধু মৌখিক পরীক্ষায় বিবেচনা করেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হতো। কিন্তু এখন থেকে আগ্রহী প্রার্থীকে প্রথমে ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের সামনে ২৫ নম্বরের ক্লাস প্রেজেনটেশন ও তৃতীয়ত, ২৫ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। সবকিছু বিবেচনা করে যোগ্য প্রমাণিত হলেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রশাসনিক কাজে গতিশীলতা আনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আর্থিক সাশ্রয়ের জন্য সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। পাশাপাশি শিক্ষক নিয়োগ নিয়ে অধিকতর স্বচ্ছতার জন্য মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত ও ক্লাস প্রেজেনটেশন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।