শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের ইংরেিজর শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে।
কলেজের শিক্ষক সূত্রে জানা গেছে, কলেজে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজির শিক্ষক নিয়োগ করতে ২০১২ সালের ১১ জুন একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ৷ গত ১ এপ্রিল নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষায় মোট সাতজন অংশ নেন। পরে হৃদয় মাহমুদ নামের এক প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়৷
পরীক্ষায় অংশ নেওয়া ওবায়েদুর রসুল নিয়োগে অনিয়মের অভিযোগে ২৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা করেন৷
আরজিতে উল্লেখ করা হয়, ফরিদ আহাম্মদ ওই কলেজের একজন বিদ্যোৎসাহী সদস্য৷ ফরিদ আহাম্মদের কথায় প্রভাবিত হয়ে কলেজের অধ্যক্ষ আবদুর রহিম ও পরিচালনা পর্ষদের সদস্যরা (নিয়োগ বোর্ডে যাঁরা ছিলেন) নিয়োগ পরীক্ষার ফলাফলে জালিয়াতি করেন। এভাবে তাঁরা হৃদয় মাহমুদকে নিয়োগ দেন।
ওই মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইংরেিজ বিভাগের প্রধান আবু বকর, বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বেলাল হোসেনকে বিবাদী করা হয়।
বাদীর আইনজীবী মো. নাজিম উদ্দিন জানান, কলেজের অধ্যক্ষ ও নিয়োগ পরীক্ষার সভাপতি-সদস্যরা পারস্পরিক যোগসাজশে বেআইিনভাবে পরীক্ষায় প্রথম হওয়া ওবায়েদুর রসুলকে বাদ দিয়ে হৃদয় মাহমুদকে নিয়োগ দিয়েছেন। তাই নিয়োগ বাতিল করে পরীক্ষায় প্রথম হওয়া প্রকৃত প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। এ বিষয়ে ২ জুন আদালতে শুনানি হবে৷
অধ্যক্ষ আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘নিয়োগ পরীক্ষায় কোনো অনিয়ম হয়নি৷ প্রকৃতপক্ষে প্রথম হওয়া প্রার্থীকেই নিয়োগ দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, ওবায়েদুর রসুল পরীক্ষায় তৃতীয় হওয়ায় তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। প্রভাবিত হওয়া বা পরীক্ষার ফলাফল জালিয়াতির প্রশ্নই ওঠে না।