দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া উচ্চবিদ্যালয়ে টাকার বিনিময়ে দুজন সহকারী শিক্ষক ও একজন নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জয়নাল চৌধুরী বাদী হয়ে দিনাজপুর সহকারী জজ আদালতে ৯ জুলাই মামলা করেছেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ওই বিদ্যালয়ে ইংরেজি ও জীববিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষকের দুটি পদ এবং একজন নৈশপ্রহরীর পদ শূন্য ছিল। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় ওই তিনটি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত হয়। একটি স্থানীয় ও একটি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের সিদ্ধান্ত হয়। কিন্তু দিনাজপুর শহর থেকে প্রকাশিত দৈনিক উত্তর বাংলা পত্রিকায় চলতি বছরের ১৭ এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কোনো জাতীয় দৈনিকে তা ছাপানো হয়নি।
আরজিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খয়রাত হোসেন ও তাঁর ছোট ভাই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবার রহমান পারস্পরিক যোগসাজশ করে নিয়ম না মেনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে জুন মাসে ওই তিনটি পদে তিনজনকে নিয়োগ দেন।
বিদ্যালয়ের পাশের বাড়ির বাসিন্দা আবদুল্লাহ বিন হাবীব বলেন, ‘আমি ইংরেজি এবং একই ইউনিয়নের আশরাফুল আলম জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করি। কিন্তু আমাদের নামে কোনো সাক্ষাৎকার কার্ড (ইন্টারভিউ কার্ড) পাঠানো হয়নি।
এ ব্যাপারে আমরা প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে জানতে চাইলেও তাঁরা আমাদের পাত্তা দেননি।’
আবদুল্লাহ বিন হাবীব ও আশরাফুল আলম অভিযোগ করেন, গত ২৪ মে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক ও সভাপতি তাঁদের পছন্দমতো শিক্ষক ও নৈশপ্রহরীকে নিয়োগ দিতে ওই তিনজনের সঙ্গে ডামি প্রার্থী রেখে সাজানো নিয়োগ পরীক্ষার আয়োজন করেন। এ ধরনের পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক পদে বণিক চন্দ্র রায় (জীববিজ্ঞান) ও ক্ষিতীশ চন্দ্র রায় (ইংরেজি) এবং নৈশপ্রহরী পদে মো. জামিয়ার রহমানকে নিয়োগ দেওয়া হয়।
আবদুল্লাহ বিন হাবীব অভিযোগ করেন, ‘সভাপতি আমার কাছে ১০ লাখ টাকা চেয়েছিলেন। কিন্তু আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না জানানোয় অন্যদের কাছ থেকে টাকা নিয়ে নিয়োগ দিয়েছেন। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি, ইংরেজি শিক্ষক পদের জন্য আট লাখ, বিজ্ঞান শিক্ষকের পদে সাত লাখ এবং নৈশপ্রহরীর পদের জন্য চার লাখ টাকা নেওয়া হয়েছে।’
এ ব্যাপারে প্রধান শিক্ষক মো. খয়রাত হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘নিয়মনীতি মেনে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দৈনিক নয়া দিগন্ত এবং স্থানীয় দৈনিক উত্তর বাংলা—এই দুটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সহকারী শিক্ষক পদে আবেদনকারী আবদুল্লাহ বিন হাবীব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করায় আবেদনপত্র বাতিল করা হয়। আর আশরাফুল আলমকে ইন্টারভিউ কার্ড পাঠালেও তিনি পাননি। তবে যোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে।’ কোনো আর্থিক লেনদেন হয়নি বলেও তিনি দাবি করেন। তবে নয়া দিগন্ত পত্রিকায় কোন তারিখে বিজ্ঞাপন ছাপানো হয়েছে, তা তিনি জানাতে পারেননি। মামলার বিষয়ে তিনি বলেন, ‘নিয়োগ বোর্ডে না রাখায় আর্থিক সুবিধা পাননি বলেই ক্ষুব্ধ হয়ে জয়নাল চৌধুরী মামলা করেছেন।’
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য জয়নাল চৌধুরী, আনোয়ার হোসেন ও এনামুল হক অভিযোগ করেন, প্রধান শিক্ষক ও সভাপতি—দুই ভাই মিলে স্বেচ্ছাচারিতার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। তাঁরা কমিটির অপর সদস্যদের মতামত ও আইনকানুনের ধার ধারেন না।