শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে শিক্ষকদের একাংশ আজ বুধবার সংবাদ সম্মেলন করবে। আধিপত্য, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজ—এই ব্যানারে সংবাদ সম্মেলনটি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে অস্থায়ী ভিত্তিতে চারজন শিক্ষকের জন্য বিজ্ঞপ্তি দিয়ে গত শনিবার ছয়জনকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগে দলীয় স্বার্থ রক্ষা ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এর প্রতিবাদে শিক্ষকদের একাংশ আজ সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছেন দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন। এর আগে গত রোববার দুপুরে এ নিয়োগের প্রতিবাদে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে বিএনপিপন্থী শিক্ষকেরা উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবেদনকারীদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৫ জন প্রাক্তন শিক্ষার্থীর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ফলের ওপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করা হয়েছিল। এই তালিকা থেকে পাঁচজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া অন্য একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. মাহবুবুল মোর্শেদ। তুলনামূলক ভালো ফলধারী প্রার্থীদের উপেক্ষা করে তালিকায় ১৫তম, ১৪তম, ১৩তম, দশম ও ষষ্ঠ স্থানে থাকা প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে।
১৫তম স্থান থেকে নিয়োগ পাওয়া কাজী রাসেল উদ্দিনের স্নাতক শ্রেণিতে ফল দ্বিতীয় শ্রেণিতে পঞ্চম। একই সঙ্গে তিনি স্নাতকোত্তর শ্রেণিতে নন থিসিস গ্রুপের শিক্ষার্থী। স্নাতকোত্তর শ্রেণিতে যাঁরা গবেষণা করেননি, তাঁদের ‘নন থিসিস’ বলা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, রাসেল উদ্দিন সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের ভাগনে এবং একই বিভাগের এক শিক্ষকের স্বামী।
১৩তম স্থান থেকে নিয়োগ পাওয়া আফরোজা পারভীনের স্নাতকের ফল প্রথম শ্রেণিতে পঞ্চম এবং স্নাতকোত্তরের প্রথম শ্রেণিতে তৃতীয়। তিনি একই বিভাগের শিক্ষক মো. মাহমুদুল হাসানের স্ত্রী। ষষ্ঠ স্থান থেকে নিয়োগ পাওয়া মো. মোজাম্মেল হোসেনের স্নাতকের ফল প্রথম শ্রেণিতে প্রথম এবং স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে দ্বিতীয়। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আবদুল মান্নান চৌধুরীর আত্মীয়।
এ ছাড়া ১৪তম স্থান থেকে নিয়োগ পাওয়া সুব্রত বণিক নন থিসিস গ্রুপের শিক্ষার্থী। দশম স্থান থেকে নিয়োগ পাওয়া মাহফুজ আলী খানের স্নাতকের ফল প্রথম শ্রেণিতে চতুর্থ এবং স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম।
মাহবুবুল মোর্শেদের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ফল জানা যায়নি। তবে তাঁর পিএইচডি ডিগ্রি রয়েছে।
জানতে চাইলে উপাচার্য ফারজানা ইসলাম বলেন, নিয়োগ বোর্ড যাঁদের যোগ্য মনে করেছে, তাঁদেরই নিয়োগ দেওয়া হয়েছে।
বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা না করেই গত ২৭ আগস্ট শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেন বিভাগের সভাপতি মু নজিবুর রহমান। তখন শিক্ষকেরা জানান, বিভাগে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক রয়েছেন, নতুন কোনো শিক্ষকের প্রয়োজন নেই। এ নিয়ে গত ২২ আগস্ট ‘প্রয়োজন নেই, তবু শিক্ষক নিয়োগ’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।