চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিবিষয়ক নতুন নীতিমালা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ইমরান হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন: অর্থনীতি বিভাগের ইরশাদ কামাল খান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এম আবদুল গফুর, ইসলামের ইতিহাস বিভাগের মো. সেকান্দার চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সফিউল কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এক সপ্তাহ আগে এ কমিটি করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।ইমরান হোসেন বলেন, ’৭৩ অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি পর্যালোচনা করে সুপারিশ করতে বলা হয়েছে। আমরা এ তিন বিশ্ববিদ্যালয়ের নীতিমালা পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করব।গত ৭ জুন সিন্ডিকেটের ৪৭৫তম সভায় শিক্ষক নিয়োগ ও পদোন্নতির বিষয়ে নতুন নীতিমালা অনুমোদন দেওয়া হয়। এ নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগে লিখিত পরীক্ষা দিতে হবে।