শিক্ষক নিয়োগ ও শ্রেণীকক্ষ তৈরি না করেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন চারটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চারটি বিভাগ নিয়ে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ে নতুন সাতটি বিভাগ খোলা হয়। বিভাগগুলো হলো বিবিএ, পরিবেশ বিজ্ঞান, ফুড টেকনোলজি, অর্থনীতি, বায়োটেকনোলজি, আইসিটি (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি) ও কোস্টাল এগ্রিকালচার।এর মধ্যে অর্থনীতি, বায়োটেকনোলজি, আইসিটি ও কোস্টাল এগ্রিকালচার বিভাগ খোলা হয় ২০১২-১৩ শিক্ষাবর্ষে। এই চার বিষয়ে ৬০ জন করে ২৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু এখনো এই বিভাগগুলোতে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অর্থনীতি ও বায়োটেকনোলজি বিভাগে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলেও এখনো নিয়োগ পরীক্ষা হয়নি। এ ছাড়া অন্য দুটি বিভাগে শিক্ষক নিয়োগের জন্য এখনো বিজ্ঞপ্তিই দেওয়া হয়নি। এই চার বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য কোনো শ্রেণীকক্ষও নেই। এতে হতাশ হয়ে পড়েছেন ভর্তি হওয়া শিক্ষার্থীরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ মার্চ নতুন শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও টার্ম শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষক নিয়োগের বিষয়টি চূড়ান্ত না হওয়ায় তা স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক বলেন, চারটি বিষয়ের মধ্যে দুটি বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য এরই মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বাকি দুটি বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি দেওয়া হবে। তা ছাড়া বিশেষ প্রয়োজনে চুক্তিভিত্তিক শিক্ষক নেওয়া হবে। তিনি বলেন, শ্রেণীকক্ষ তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে।