শিক্ষক নিয়োগ না হওয়ায় অনিশ্চয়তা কাটছে না
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও টার্ম শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। তবে নতুন করে চালু হওয়া চারটি বিভাগে শিক্ষক নিয়োগ না হওয়ায় ওই বিভাগগুলোতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তা কাটছে না।নতুন এ চারটি বিভাগ হচ্ছে: অর্থনীতি, বায়োটেকনলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আইসিটি (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি) এবং কোস্টাল এগ্রিকালচার। চারটি বিষয়ে ৬০ জন করে ২৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু অদ্যাবধি এ চারটি বিভাগে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অর্থনীতি ও বায়োটেকনোলজির একজন করে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলেও নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া বাকি দুটি বিভাগের শিক্ষক নিয়োগের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়ে গতকাল মঙ্গলবার সিদ্ধান্ত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক নিয়োগ না দিয়ে আমাদের ভর্তি করিয়ে কর্তৃপক্ষ আমাদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। এখন শোনা যাচ্ছে ভাড়া করা শিক্ষক দিয়ে নাকি ক্লাস শুরু করার চেষ্টা চলছে। আমরা এসব টালবাহানার অবসান চাই।’ রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘চারটি বিষয়ের মধ্যে দুটি বিষয়ে শিক্ষক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাকি দুটি বিষয়েও নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়ে গতকাল মঙ্গলবার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনে চুক্তিভিত্তিক শিক্ষক নেওয়া হবে।’