শিক্ষক নিয়োগ নিয়ে নীলফামারীতে ভাঙচুর সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার কচুকাটা দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আসবাব ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিক্ষক আহত হয়েছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ টি এম মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, সাবেক প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। গত ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত তিনি ছুটিতে গেলে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু তালেব সহকারী শিক্ষক আক্তার ফারুককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। ২৯ জুলাই তিনি যোগদান করেন, এদিন একটি পরীক্ষা চলছিল। এ সময় আবু তালেব, তাঁর দুই ভাইসহ কয়েকজনকে নিয়ে পরীক্ষাকক্ষে ঢুকে তাঁকে ও সহকারী শিক্ষক আবদুল মতিনকে মারধর করেন এবং ছাত্রদের পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলেন। এতে ছাত্ররা উত্তেজিত হয়ে স্কুলের বেঞ্চ, দরজা, জানালা ভাঙচুর ও সড়কে অবরোধ করে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। সহকারী শিক্ষক আবদুল মতিন অভিযোগ করেন, আবু তালেব প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ছয়জনের কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ইতোমধ্যে পাঁচবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও একবারও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।আবু তালেব অভিযোগ অস্বীকার করে বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বিনা অনুমতিতে ছুটিতে থাকায় তিনি অন্য এক শিক্ষককে ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব দেন। বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষক রফিক, মতিন ও খালেক তাঁকে চেয়ার থেকে তুলে দেন। এ ঘটনায় তিনি মতিনকে চড় মেরেছেন। এ সময় রফিক তাঁকে ধরার চেষ্টা করেন ও ছাত্রদের বের করে আন্দোলনের দিকে ঠেলে দেন।