জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত তিন বছরে শিক্ষক নিয়োগ নিয়ে সরকার ও রাজনীতি বিভাগের একজন অধ্যাপক গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এক সভায় ওই অভিযোগ করেন বর্তমান সরকারের আমলে নিয়োগ পাওয়া বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। তাঁরা বলেন, তাঁদের মেধা ও যোগ্যতাকে হেয় করার চেষ্টা চালানো হচ্ছে। সভায় ১৫৬ জন শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় শিক্ষকেরা অভিযোগ করে বলেন, শিক্ষকেরা লাখ লাখ টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে মিথ্যাচার চালিয়ে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন। তাঁর বক্তব্যের প্রমাণ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জনসম্মুখে প্রকাশের অনুরোধ জানান তাঁরা। সভা শেষে বেলা একটায় তাঁরা উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে একটি সঞ্চারকলিপি দেন। মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হাসিবুর রহমান বলেন, ‘গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য দিয়ে শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। উপাচার্যের কাছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। উপাচার্য আমাদের এ বিষয়ে আশ্বাস দিয়েছেন।’ এ ব্যাপারে অধ্যাপক নাসিম আখতার প্রথম আলোকে বলেন, ‘শুধু গণমাধ্যমেই নয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেও শিক্ষক নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ বিষয়ে আমরা জানিয়েছি। গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রে আমরা এসব অভিযোগ পেয়েছি।’ সহকর্মীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং দ্রুত তা উপাচার্যের কাছে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।