শিক্ষক নিয়োগ নিয়ে মিথ্যাচারের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত তিন বছরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে গণমাধ্যমে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইনের বিরুদ্ধে ওই অভিযোগ এনে প্রশাসনিক ভবনের সামনে গতকাল রোববার সকালে মানববন্ধন করা হয়।‘মিথ্যাচারের বিরুদ্ধে আমরা’ নামের সংগঠন আয়োজিত মানববন্ধনে অংশ নেন গত তিন বছরে নিয়োগ পাওয়া ৭০ জন শিক্ষক। এই শিক্ষকেরা বিভিন্ন গণমাধ্যমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাফেটরিয়ায় গত শনিবার মতবিমিয় করেন। এতে তাঁরা অভিযোগ করেন, অযোগ্য ব্যক্তিদের অর্থের বিনিময়ে শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে নাসিম আখতার হোসাইন বিভিন্ন সময়ে গণমাধ্যমে মন্তব্য করেছেন। তাঁর এই ‘মিথ্যাচারে’ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।সভায় অধ্যাপক নাসিম আখতার হোসাইনের বিচার দাবি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘মিথ্যাচারের বিরুদ্ধে আমরা’ সংগঠনের আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান, শিক্ষক আনোয়ার খসরু পারভেজ, আ স ম ফিরোজ উল হাসান, নাজমুল হাসান তালুকদার, তারেক রেজা, মো. সাব্বির আলম, হোসনে আরা, ঊর্মিলা পালিত প্রমুখ।এ ব্যাপারে অধ্যাপক নাসিম আখতার হোসাইন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে গত তিন বছরে নিয়োগ পাওয়া শিক্ষকদের কয়েকজনের বিরুদ্ধে অযোগ্যতা, স্বজনপ্রীতি ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। এই তথ্যগুলোই গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করতে পারে।