পছন্দের শিক্ষক নিয়োগ দেওয়া না-দেওয়া নিয়েই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ও প্রক্টরের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে ছয়জন শিক্ষক-কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন।
গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাতটি বিভাগের শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের সভা শেষে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনের নিচতলায় রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম এবং প্রক্টর মো. আবদুল বাসেতের মধ্যে আকস্মিক বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরের দিন বুধবার কর্মকর্তা-কর্মচারীরা অফিসার্স পরিষদের ব্যানারে রেজিস্ট্রারের পক্ষ নিয়ে প্রক্টরের পদত্যাগ ও চূড়ান্ত বহিষ্কারের দাবিতে কর্মবিরতি পালন করেন। পাশাপাশি শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকেরা প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ এনে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে রেজিস্ট্রারের পদত্যাগের দাবি করেন।
গতকাল জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষক কিংবা কর্মকর্তা-কর্মচারীরা কোনো কর্মসূচি পালন করেননি। তবে উভয় পক্ষ নিজেদের দাবিতে অনড় অবস্থানে রয়েছে। ছুটি শেষে আগামী রোববার বিশ্ববিদ্যালয় খোলার পর উভয় পক্ষই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম দাবি করেন, পছন্দের তালিকা অনুযায়ী শিক্ষক নিয়োগ না দেওয়ার কারণেই প্রক্টর তাঁর ওপর চড়াও হয়েছেন।
প্রক্টর মো. আবদুল বাসেত হাতাহাতির ঘটনা অস্বীকার করে বলেন, ‘রেজিস্ট্রার হঠাৎ করেই আমার ওপর আক্রমণ করেছেন। আমি তাঁকে বিন্দুমাত্র আঘাত করিনি। এই রেজিস্ট্রার নানাভাবে নানা সময় শিক্ষকদের অপমান-অপদস্থ করে থাকেন। মঙ্গলবার রাতেও তাঁর সেই আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে।’