শিক্ষক নিয়োগ নীতিমালায় পরিবর্তন আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় পরিবর্তন আসছে। প্রভাষক পদে আবেদনের যোগ্যতা কমিয়ে নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন নীতিমালায় আবেদন করার যোগ্যতার ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট সিজিপিএ কমানো হচ্ছে।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে সিন্ডিকেটের ৪৭৫তম সভায় নীতিমালা প্রণয়নের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক আখতার ফারুক নীতিমালা প্রণয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানউদ্দিনের সময়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় পরিবর্তন আনা হয়। সেখানে প্রতিটি বিভাগ বা ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ-৩.৫০ থাকা আবশ্যক করা হয়। এ নিয়ে গত দুই বছরে শিক্ষক নিয়োগের নীতিমালায় দুবার পরিবর্তন আনা হলো।

আখতার ফারুক বলেন, নিয়োগের বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আনন্দ কুমার সাহার নেতৃত্বে এর আগেই একটি কমিটি করা হয়েছে। সিন্ডিকেটে সেই কমিটির প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।

এই প্রতিবেদন অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করে শিক্ষক নিয়োগের নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে। কলা, চারুকলা ও আইবিএস, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ এবং শিক্ষা গবেষণা ইনস্টিটিউট নিয়ে একটি ক্যাটাগরি করা হয়েছে। এই ক্যাটাগরিতে প্রভাষক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৩ থাকতে হবে। তবে স্নাতক অথবা স্নাতকোত্তরের একটিতে সিজিপিএ-৩.২৫ থাকতে হবে।

সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় শিক্ষা, আইবিএ নিয়ে আরেকটি ক্যাটাগরি করা হয়েছে। এই ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৩.২৫ থাকতে হবে। তবে স্নাতক অথবা স্নাতকোত্তরের একটিতে সিজিপিএ-৩.৫০ থাকতে হবে।

বিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান, কৃষি, প্রকৌশল অনুষদগুলো নিয়ে আরেকটি ক্যাটাগরি করা হয়েছে। এই ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সর্বনিম্ন সিজিপিএ-৩.৫০ থাকতে হবে।

সহ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, তিনি সিন্ডিকেটের সভায় উপস্থিত ছিলেন। কোনো সদস্য এর সঙ্গে দ্বিমত পোষণ করেননি।