শিক্ষক নিয়োগ-পদোন্নতির বেশির ভাগ হবে মন্ত্রণালয়ের মাধ্যমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মেডিকেল কলেজগুলোতে ৮০ শতাংশ শিক্ষকের নিয়োগ ও পদোন্নতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিপিসির (বিভাগীয় পদোন্নতি কমিটি) মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক, উপপরিচালক পদে পদোন্নতি হবে ডিপিসির মাধ্যমে। অধ্যাপক এবং পরিচালক পদে পদোন্নতি দেবে সংস্থাপন মন্ত্রণালয়।সূত্র জানায়, সচিব কমিটি গত ২৩ নভেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। এরপর ২৫ নভেম্বর ডিপিসি ২৭ জন উপপরিচালক এবং বিভিন্ন বিষয়ের ৯৬ জন চিকিৎসককে জ্যেষ্ঠ পরামর্শক পদে পদোন্নতি দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, ৫ ডিসেম্বর আরও ১২১ জনকে সহকারী পরিচালকের পদে পদোন্নতি দেওয়া হবে।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, সরকারি মেডিকেল কলেজে গড়ে ৩০ শতাংশ শিক্ষকের পদ খালি আছে। অথচ যোগ্য শিক্ষকের অভাব নেই। কিন্তু পিএসসির (সরকারি কর্মকমিশন) মাধ্যমে পদোন্নতির জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে গত দুই বছরে কোনো পদোন্নতি দেওয়া সম্ভব হয়নি। তিনি জানান, জরুরি ভিত্তিতে সব মেডিকেল কলেজে শূন্য পদে পদোন্নতি দেওয়া হবে।তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশিদ-ই-মাহবুব বলেন, ডিপিসির মাধ্যমে ক্যাডারভুক্ত স্বাস্থ্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া সম্ভব হলেও শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে জটিলতা হতে পারে।মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রায় এক বছর ১১ মাসে পিএসসির মাধ্যমে একজন শিক্ষকেরও পদোন্নতি হয়নি। পিএসসির মাধ্যমে মেডিকেল কলেজের শিক্ষকদের পদোন্নতির প্রক্রিয়া দীর্ঘ ও জটিল বলে মন্ত্রণালয় তা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক দেশের একজন প্রবীণ চিকিৎসক ও সাবেক শিক্ষক প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক নিয়োগে এখন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) প্রভাব খাটাচ্ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক স্বাচিপের সভাপতি। সে ক্ষেত্রে চিকিৎসকদের পদোন্নতির ক্ষেত্রে পক্ষপাতিত্ব হওয়ার আশঙ্কা রয়েছে।স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলান বলেন, পক্ষপাতিত্বের আশঙ্কা অমূলক। অতীতে দেখা গেছে, পিএসপির মাধ্যমে চিকিৎসকদের পদোন্নতিতে ব্যাপক অনিয়ম হয়েছে। ডিপিসিতে অনিয়ম কম হবে।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব শারফুদ্দীন আহমেদ বলেন, ‘এই সরকার প্রায় দুই বছর হলো ক্ষমতায় এসেছে। কিন্তু বারবার অনুরোধ করার পরও শিক্ষকদের পদোন্নতির কোনো পরীক্ষা আহ্বান করেনি পিএসসি। এ ক্ষেত্রে আপাতত মন্দের ভালো হিসেবে ডিপিসির পদ্ধতিকে আমাদের মেনে নিতে হবে।’