শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত পাঁচ গ্রামের প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার পাঁচটি গ্রামের বেশ কয়েকজন প্রার্থীর কাল শুক্রবার সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ডাক বিভাগের জটিলতার কারণে গতকাল বুধবার পর্যন্ত নিয়োগ পরীক্ষার কার্ড তাঁদের হাতে পৌঁছায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক বিভাগের গৌরীঘোনা কার্যালয়ের মাধ্যমে উপজেলার সীমান্ত এলাকা গৌরীঘোনা, ভরতভায়না, আগরহাটি, সন্ন্যাসগাছা ও কাশিমপুর গ্রামের বাসিন্দারা চিঠিপত্র পেয়ে থাকে। এই গ্রামগুলো কেশবপুর উপজেলার মধ্যে পড়লেও এখানকার বাসিন্দাদের চিঠিপত্র আসে খুলনা হয়ে।ডাক বিভাগের কেশবপুর কার্যালয়ের পোস্টমাস্টার এস এম রবিউর হক বলেন, এই পাঁচ গ্রামের চিঠি কেশবপুরে এলে তাঁরা খুলনা পাঠিয়ে দেন। তারপর খুলনা হয়ে ওই চিঠি যায় গৌরীঘোনায়। সেই হিসেবে ওই গ্রামগুলোর কোনো প্রাপকের হাতে চিঠি পৌঁছাতে সাত-আট দিন লেগে যায়। ডাক বিভাগের এই জটিলতার কারণে ওই গ্রামগুলোর প্রায় ৩০ জন প্রার্থী গতকাল পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার কার্ড পাননি। আগামীকাল শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভরতভায়না গ্রামের ইমদাদুল হক বলেন, ‘আমার সরকারি চাকরির বয়স শেষের পথে। এটাই আমার শেষ পরীক্ষা। এখনো আমি কার্ড পাইনি। পাব কি না, সে ব্যাপারেও নিশ্চিত নই।’ কাশিমপুর গ্রামের প্রার্থী মৌসুমী আক্তার বলেন, ‘হাতে আছে মাত্র এক দিন। কার্ড পেতে কোথায় যোগাযোগ করব, তা বুঝতে পারছি না।’ ভরতভায়না গ্রামের প্রার্থী আফরোজা খাতুন বলেন, হরতাল থাকায় আদৌ কার্ড আসবে কি না, তা নিয়ে তিনি শঙ্কিত। গৌরীঘোনা গ্রামের নীল কমল মল্লিক বলেন, গত বছর আনসার ভিডিপির একটি পদে লিখিত পরীক্ষার দিন তিনি কার্ড পান। এ কারণে তিনি ওই পরীক্ষায় অংশ নিতে পারেননি।ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব বলেন, খুলনা হয়ে চিঠি আসার পরিবর্তে যদি যশোর থেকে কেশবপুর হয়ে সরাসরি গৌরীঘোনা পোস্ট অফিসে চিঠি আসার ব্যবস্থা করা যায়, তাহলে এলাকার মানুষ এ ভোগান্তি থেকে রেহাই পেত। গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী রেজা বলেন, তিনি নিজেও ভুক্তভোগী। অনেক সভার চিঠি তাঁর কাছে আসে। মাঝেমধ্যেই দেখা যায়, সভার জন্য নির্ধারিত তারিখের দুই দিন পর তিনি চিঠি হাতে পান। কেশবপুর থেকে সরাসরি গৌরীঘোনায় চিঠি এলে সমস্যার সমাধান হবে বলে তিনি একমত পোষণ করেন।ডাক বিভাগের গৌরীঘোনা কার্যালয়ের পোস্টমাস্টার আবদুস সালাম বলেন, এখন হরতাল হচ্ছে বলে কোনো চিঠিপত্র আসছে না। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বলেন, আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যে বৈধ প্রার্থীরা যদি সরাসরি যোগাযোগ করেন, তবে লিখিত পরীক্ষার কার্ড দেওয়া হবে।