শিক্ষক নিয়োগ বন্ধ করতে বিদ্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোলামগাড়ী উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বন্ধ করতে গত রোববার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ে দুজন শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হওয়ার কথা ছিল গতকাল সোমবার। টাকার বিনিময়ে অদক্ষ শিক্ষক নেওয়া হচ্ছে—এমন অভিযোগ করে এলাকাবাসীর একটি পক্ষ গত রোববার ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষ থেকে বের করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।স্থানীয় বাসিন্দা মোনায়েম হোসেন (৪২) জানান, প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির লোকজন মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে দুজন অদক্ষ শিক্ষক নিয়োগের পাঁয়তারা করছেন। এ নিয়োগ যাতে না হয়, সে জন্য তাঁরা শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। নিয়োগ-প্রক্রিয়া বন্ধ না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। শত্রুতাবশত এই কাজ করা হয়েছে।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোদাক্কের হোসেন বলেন, ‘একদল সন্ত্রাসী-প্রকৃতির লোক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শ্রেণীকক্ষ থেকে ছাত্রছাত্রীদের বের করে তাতে তালা দিয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।’শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।