শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তিনজনকে আটক করে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ মে প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা হয়। এতে গোবিন্দ চন্দ্র দাস প্রথম হন। ওই বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ইসলাম মোল্লা ওই নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে পাঁচজনের মধ্যে তৃতীয় হন। ইসলাম মোল্লা অভিযোগ করেন, তিনি নিয়োগ পরীক্ষায় প্রথম হলেও ব্যবস্থাপনা কমিটির সভাপতি টাকার বিনিময়ে গোবিন্দ দাসকে প্রথম স্থান দেখান। শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ করে। তিনি দাবি করেন, এ প্রতিবাদে তাঁর কোনো ইন্ধন ছিল না।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে নিয়োগ-প্রক্রিয়া বাতিল করে ইসলাম মোল্লাকে নিয়োগ দেওয়ার দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে হটিয়ে দেয় ও তিনজনকে আটক করে। আটক ছাত্ররা হলো দশম শ্রেণীর হাসান মাহমুদ, অষ্টম শ্রেণীর রিপন খান ও এসএসসি পরীক্ষার্থী নাজমুল হাসান। তবে মশিউর রহমান দাবি করেন, যাদের আটক করা হয়েছে, তাদের একজন বহিরাগত ও অপর দুজন ছাত্র। তাদের জিজ্ঞাসাবাদ করে শিক্ষক ও অভিভাবকদের জিমঞ্চায় ছেড়ে দেওয়া হবে।বিদ্যালয় ব্যস্থাপনা কমিটির সভাপতি এ কে বাসারুল আলম বলেন, বিধি মোতবেক নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোনো অনিয়ম হয়নি। তিনি বলেন, মামলা হওয়ায় নিয়োগ-প্রক্রিয়া স্থগিত রয়েছে। তাই টাকা খেয়ে নিয়োগ দেওয়া হয়েছে—এ অভিযোগের কোনো ভিত্তি নেই।ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।