শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে সাদা দলের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে এর প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করেছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। গতকাল রোববার সকালে উপাচার্যের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। অবস্থান ধর্মঘট চলাকালে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ সাদা দলের শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের দাবি নিয়ে আলোচনা করেন। এরপর সাদা দল অবস্থান ধর্মঘট সমাপ্ত ঘোষণা করে। বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের কাছে শিক্ষক নিয়োগ নিয়ে তাঁদের দাবি তুলে ধরেন। তিনি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সব ধরনের অনিয়ম বন্ধের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। সাদা দলের অবস্থান ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী, শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান মোহাম্মদ, সাদা দলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নছরুল কদির প্রমুখ। উল্লেখ্য, গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের চার বছরে বিভিন্ন বিভাগে বিজ্ঞাপিত পদের অতিরিক্ত ৫৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এদিকে, সাদা দলের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগের প্রচলিত বিধিবিধান ও যোগ্যতাকে সম্পূর্ণ উপেক্ষা করেছে এবং বিজ্ঞাপিত পদের অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিয়েছে, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র।