শিক্ষক নিয়োগে দুর্নীতি ও ঘুষ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে পৃথক সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিরা। তাঁরা অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানান। গতকাল বুধবার জেলা সদরে এসব কর্মসূচি পালন করা হয়।

গতকাল সদর উপজেলা পরিষদের মিলনায়তনে জেলা সুষম উন্নয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, কমিটির সদস্যসচিব ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও রামগড় পৌরসভার মেয়র কাজী রিপন।

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনেন বক্তারা। তাঁরা বৃহস্পতিবারের (আজ) মধ্যে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানান। না হলে আগামী রোববার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তাঁরা ঘোষণা দেন।

এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে পাঁচটি সংগঠন। তবে পুলিশি বাধায় পূর্বনির্ধারিত মুক্তমঞ্চে তারা কর্মসূচি পালন করতে পারেনি। গতকাল বুধবার বেলা ১১টায় সম্মিলিত ছাত্র সমাজের একটি অংশ খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তমঞ্চে যেতে চাইলে শহরের য়ংড বৌদ্ধমন্দিরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে সমাবেশ হয়। সম্মিলিত ছাত্র সমাজের আহ্বায়ক সুদর্শী চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কবির হোসেন, ত্রিপুরা ছাত্র যুব ফ্রন্টের সংগঠক প্রদীপ ত্রিপুরা।

অন্যদিকে একই সময়ে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে বের হওয়া সম্মিলিত ছাত্র সমাজের আরেকটি বিক্ষোভ মিছিলকে চেঙ্গী স্কয়ার এলাকায় বাধা দেয় পুলিশ। পরে ওখান থেকে মিছিল নিয়ে স্বনির্ভর এলাকায় সমাবেশ করা হয়। এতে আরও বক্তব্য দেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের খাগড়াছড়ি সরকারি কলেজের সভাপতি ইতুতসা ত্রিপুরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ি শাখার আহ্বায়ক নয়ন চাকমা প্রমুখ।

মিছিলে বাধা দেওয়ার বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, আগে থেকে অনুমতি না নেওয়ার কারণে মুক্তমঞ্চে যেতে দেওয়া হয়নি।

 শিক্ষক নিয়োগে দুর্নীতিসহ সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা চেয়ারম্যান কংজরী চৌধুরী। তিনি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিক্ষক নিয়োগ হচ্ছে। কোনো ধরনের অনিয়ম হচ্ছে না।

গত ২৫ আগস্ট ৩৫০ জন প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা হয়। ২৮ আগস্ট ফলাফল প্রকাশের পর পরিষদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এখনো মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।