শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীর চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতির মাধ্যমে প্রধান শিক্ষকসহ চার শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে দুটি মামলা হয়েছে। মেহেরপুর সহকারী জজ আদালতে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য আহসান হাবিব মামলা দুটি করেন।
নজরুল ইসলাম অভিযোগ করেন, সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য হলে নিয়মানুযায়ী ওই পদে তাঁরই দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম সারোয়ার গোপনে তাঁর ভুয়া পদত্যাগপত্র ও কার্যবিবরণী তৈরি করে টাকার বিনিময়ে বিদ্যালয়ের কনিষ্ঠ শিক্ষক মজনুর রহমানকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেন। এ ব্যাপারে গত বছরের ১৪ নভেম্বর নজরুল ইসলাম মামলা করেন। অপর মামলার বাদী আহসান হাবিব অভিযোগ করেন, ঘুষ নিয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার পর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি একইভাবে ঘুষ নিয়ে সহকারী শিক্ষক পদে তিনজনকে নিয়োগ দিয়েছেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত ও সরকারি নিয়ম উপেক্ষা করে এ নিয়োগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে আহসান হাবিব গত ২৭ ফেব্রুয়ারি মামলা করেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী বলেন, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া দুটি মামলা বর্তমানে তদন্তাধীন।