শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ স্কুলে তালা
ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়রা জানান, ১০ অক্টোবর বিদ্যালয়ে দুজন শিক্ষক ও একজন লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হয়। কিন্তু অভিযোগ ওঠে প্রধান শিক্ষক মইনুদ্দিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নান এসব নিয়োগে কয়েক লাখ টাকা ঘুষ নিয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এলাকার বিক্ষুব্ধ ৫০-৬০ জন লোক বিদ্যালয়ে ঢুকে সব কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ অবস্থায় শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে ফিরে যান। দুপুরের পর স্থানীয় ক্যাম্প থেকে পুলিশ গিয়ে তালা ভাঙলেও এলাকাবাসী পরে মিছিল করে আবার তালা লাগিয়ে দেয়। নিয়োগ কমিটির সদস্য ও সহকারী শিক্ষক উম্বাদ আলী জানান, নিয়োগবিধি মেনে ও স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মইনুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নানও অভিযোগের ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দেননি। বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার পর বাজারগোপালপুর গ্রামের চাঁদ আলী অভিযোগ করেন, শিক্ষক নিয়োগ-প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির কর্মকর্তারা। সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী বলেন, ‘বিষয়টি আমরা অবগত আছি। জেলা প্রশাসকের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। আশা করছি, শিগগির এর সমাধান হবে।