শিক্ষক নিয়োগে নীতিমালা লঙ্ঘন
শিক্ষক নিয়োগ নীতিমালা লঙ্ঘন করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একটি পক্ষের আহ্বায়কসহ কয়েকজন শিক্ষকের চাপে উপাচার্য এ নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান (বিএমবি) বিভাগে সম্প্রতি দুজন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে রসায়ন বিভাগের অধ্যাপক ও আওয়ামী লীগপন্থী শিক্ষকদের এক অংশের আহ্বায়ক মোহাম্মদ ইউনুছের পছন্দের প্রার্থী, তাঁর অভিসন্দর্ভ (থিসিস) শিক্ষার্থী মোস্তফা কামাল মাসুদ আবেদন করেন। মাসুদ এসএসসি পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৭৫ এবং এইচএসসিতে জিপিএ ৩ দশমিক ৯০ পেয়েছেন। নীতিমালা অনুযায়ী, প্রভাষক পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ থাকতে হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকটি সূত্র জানায়, গত ১ জানুয়ারি প্রভাষক পদে নিয়োগের বাছাই বোর্ডের সভা হয়। এ বোর্ডে বিশেষজ্ঞ হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনুছ, বিভাগীয় প্রধান হিসেবে সাইফুল ইসলাম সদস্য ছিলেন। সভায় কৌশলে বিদ্যমান শিক্ষক নিয়োগ নীতিমালা উপস্থাপন করা হয়নি। তাই তাঁরা বাছাই বোর্ডের সভায় মাসুদের নাম সহজেই সুপারিশ করতে পারেন। পরে সিন্ডিকেটের ১৭৭তম সভায় বিষয়টি ধরা পড়লে বাছাই বোর্ডের সুপারিশ ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু বিষয়টি সিন্ডিকেটের ওই সভায় তোলা হয়নি দেখিয়ে পরের বৈঠকে তোলা হয়। এ বৈঠকে (১৭৮তম) প্রভাষকের বিজ্ঞাপিত দুই পদে মনির উজ্জামান ও আহসান হাবীব নামে দুজনের নিয়োগের পাশাপাশি মাসুদের নিয়োগ অনুমোদন দেওয়া হয়।উপাচার্যের কার্যালয়ের একাধিক সূত্র জানায়, সিন্ডিকেটের ওই বৈঠকের দুদিন আগে উপাচার্যের কার্যালয়ে সিন্ডিকেট সদস্য কবির হোসেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রধান সাইফুল ইসলাম, তাঁর স্ত্রী সিন্ডিকেট সদস্য রোখসানা বেগমসহ কয়েকজন শিক্ষক নিয়োগ নীতিমালা এড়িয়ে মাসুদকে কীভাবে শিক্ষক নিয়োগ দেওয়া যায় তা নিয়ে আলোচনা করেন। মোহাম্মদ ইউনুছসহ ওই শিক্ষকদের চাপে অবৈধভাবে মাসুদকে নিয়োগ দেওয়া হয়।এ ব্যাপারে মোহাম্মদ ইউনুছ কোনো মন্তব্য করতে রাজি হননি। সাইফুল ইসলাম বলেন, ‘ওই নিয়োগের ব্যাপারে আমি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলব না।’ সিন্ডিকেট সদস্য কবির হোসেন বলেন, ‘আমার পক্ষ থেকে কোনো চাপ ছিল না।’ এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস কোনো কথা বলতে চাননি।