দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের আগে পুলিশ ও গোয়েন্দাদের মাধ্যমে ঠিকানা ও তথ্য যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে সম্প্রতি চিঠি দিয়ে এ অনুরোধ জানানো হয়েছে বলে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সুপারিশের আলোকে এ অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. হেলাল উদ্দিন গতকাল বলেন, ‘প্রভাষক ও সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে এ অনুরোধ করেছি। নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন ও গোয়েন্দাদের মাধ্যমে তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধও করছি।’
বর্তমানে দেশে ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইন অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু নিয়োগের সময় কিছু কিছু ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে। মন্ত্রণালয় মনে করছে, সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বা কোনো অপরাধী যাতে নিয়োগ না পায়, সে জন্য পুলিশ ভেরিফিকেশন করা দরকার।