রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
শিক্ষক নিয়োগে সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিক্রিয়া
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৬৯তম সিন্ডিকেটের সভায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিভাগের একাডেমিক কমিটির অধিকাংশ সদস্য ও প্ল্যানিং কমিটির সদস্যরা বলছেন, এই সিদ্ধান্ত একাডেমিক কমিটির সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক এবং শিক্ষক নিয়োগের প্রচলিত আইনের পরিপন্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিভাগীয় প্ল্যানিং কমিটির সুপারিশের ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হয়। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগের বিষয়টি ২০১৪ সালের ২২ জানুয়ারির প্ল্যানিং কমিটির সভার সর্বশেষ আলোচ্যসূচিতে থাকলেও তা প্রত্যাহার করে নেওয়া হয়। জানা গেছে, এ নিয়ে সভাপতিসহ সভার সদস্যদের কোনো ভিন্নমত ছিল না। গত ৮ মে একইভাবে বিষয়টি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হলেও তা প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত ৩ নভেম্বর এ বিষয়ে প্ল্যানিং কমিটির সভা আহ্বান করা হলেও কোরামের অভাবে সভাটি হয়নি।
গত ৫ নভেম্বর বিভাগের সভাপতি জিনাত আরা বেগম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ‘ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে প্ল্যানিং কমিটির সভা আহ্বান বিষয়ে উদ্ভূত পরিস্থিতি অবহিতকরণ’ বিষয়ে একটি চিঠি দেন। এতে ৩ নভেম্বরের সভায় অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে সভায় অনুপস্থিত চারজন শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়, যা নিয়ে শিক্ষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এমনকি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ ‘দলীয় শিক্ষকদের হয়রানি: প্রেক্ষিতে দলের করণীয়’ আলোচ্যসূচি দিয়ে একটি সভা করে।
অবশ্য বিভাগের সভাপতির চিঠিতে বলা হয়েছে, কেন শূন্যপদে শিক্ষক নিয়োগের বিষয়টি আলোচ্যসূচিভুক্ত করা হয়েছিল। চিঠিতে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকনির্দেশনা চান। এই চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গত ১৭ নভেম্বর বিভাগীয় একাডেমিক কমিটির মতামত চেয়ে সভাপতিকে চিঠি দেন। ২১ নভেম্বর একাডেমিক কমিটির এই সভায় সর্বসম্মতভাবে বিশ্ববিদ্যালয়ের সৌহার্দ্য স্থাপনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন মোতাবেক ওই বিভাগে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। যদিও প্ল্যানিং কমিটির সদস্যরা বলছেন, শিক্ষক নিয়োগে মতামত দেওয়ার এখতিয়ার একাডেমিক কমিটির নেই। তারপরেও ২৯ নভেম্বর সিন্ডিকেটের ৪৬৯তম সভায় একাডেমিক কমিটির সুপারিশ বিবেচিত হয় এবং শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত হয়।
বিষয়টি জানার পর ৭ ডিসেম্বর বিভাগীয় প্ল্যানিং কমিটির চারজন সদস্য একটি তলবি সভা আহ্বানের জন্য সভাপতি বরাবর চিঠি দেন। কিন্তু সেই সভা আহ্বান করা হয়নি। ১১ ডিসেম্বর তাঁরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি চিঠি দেন। এতে তাঁরা বলেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিন্যান্স’ শূন্যপদে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া বর্ণিত হয়েছে, তার ব্যত্যয় ঘটেছে। চিঠিতে বলা হয়েছে, যেহেতু বিভাগে শূন্যপদে শিক্ষক নিয়োগের বিষয়ে প্ল্যানিং কমিটির সদস্যদের মতামত প্রদানের কোনো পরিস্থিতি বা সুযোগ সৃষ্টি হয়নি, সেহেতু এই বিভাগের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রীতিসিদ্ধ বা আইনানুগ নয়। তারা শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিত রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
একইভাবে ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনে বিভাগের একাডেমিক কমিটির ১৭ সদস্যের মধ্যে ১০ জনই এই নিয়োগ স্থগিতের জন্য আবেদন করেছেন। তাঁরা বলেছেন, নিয়ম অনুযায়ী বিভাগীয় প্ল্যানিং কমিটি শিক্ষক নিয়োগের জন্য কোনো সুপারিশ করেনি। বিভাগের সভাপতিও শিক্ষক নিয়োগের যৌক্তিকতা তুলে ধরে কর্তৃপক্ষকে কোনো চিঠি পাঠাননি। যে চিঠির বরাতে একাডেমিক কমিটির মতামত চাওয়া হয়েছে, সেই চিঠিটি কয়েকজন শিক্ষকের পেশাগত শৃঙ্খলাসংক্রান্ত। এ ছাড়া শিক্ষক নিয়োগের বিষয়টি আইনগতভাবে একাডেমিক কমিটির এখতিয়ারভুক্ত নয়।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, অবশ্যই শিক্ষক নিয়োগের বিষয়টি প্ল্যানিং কমিটির এখতিয়ারভুক্ত। কিন্তু প্ল্যানিং কমিটি অচল। বিভাগের সভাপতি অসহায় হয়ে প্রশাসনের দিকনির্দেশনা চেয়েছেন। এ জন্য একাডেমিক কমিটির মতামত চাওয়া হয়েছে। যেখানে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সিন্ডিকেট সেটা বিবেচনায় নিয়েছে। এটা অবশ্যই বিধিসম্মত।