রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ আপিল বিভাগেও বহাল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ বহাল রয়েছে।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ গত বৃহস্পতিবার শিক্ষক নিয়োগের আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল শুনানি করতে পক্ষগুলোকে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্ল্যানিং কমিটির সুপারিশের ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হয়। কিন্তু ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে শিক্ষক নিয়োগের ব্যাপারে প্ল্যানিং কমিটি সুপারিশ না করলেও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গত ১৭ নভেম্বর বিভাগীয় একাডেমিক কমিটির মতামত চেয়ে বিভাগটির সভাপতিকে চিঠি দেন। এ পরিপ্রেক্ষিতে একাডেমিক কমিটির জরুরি সভা ডাকা হয়। গত ২১ নভেম্বর ওই সভায় শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২৯ নভেম্বর সিন্ডিকেটের ৪৬৯তম সভায় শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত হয়।
বিভাগীয় প্ল্যানিং কমিটির চারজন সদস্য সিন্ডিকেটের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২৪ জানুয়ারি উচ্চ আদালত ওই নিয়োগের ওপরে রুল ও স্থগিতাদেশ দেন। ২৫ জানুয়ারি প্রার্থীদের মৌখিক পরীক্ষার আধা ঘণ্টা আগে এ আদেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। এরপর পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে ওই আদেশ স্থগিতের আবেদন করেন। চেম্বার জজ আদালত স্থগিতাদেশের ওপর কোনো আদেশ দেননি। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত আপিল দাখিল করেন।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন গত বৃহস্পতিবার বলেন, স্থগিতাদেশ যদি আদালত বহাল রাখেন, তাহলে থাকবে।