শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট শিক্ষাবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান সিদ্দিকী বলেছেন, বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয় শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে। একটি উৎকৃষ্ট বিশ্ববিদ্যালয় গড়তে শিক্ষক নিয়োগে পরিপূর্ণ স্বচ্ছ ও মেধার স্বীকৃতি নিশ্চিত করা দরকার।গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সমাবর্তন বক্তৃতায় জিল্লুর রহমান সিদ্দিকী এ কথা বলেন। তিনি বলেন, ‘একজন ছাত্রের পরীক্ষায় প্রথম শ্রেণী লাভ যখন বিভিন্ন বিবেচনায় ঘটে এবং উত্তমের উপলব্ধি কোনো ভূমিকাই পালন করে না, তখন অনিবার্য নিয়মেই মধ্যমের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়। মাঝারির প্রভাবমুক্ত প্রতিষ্ঠান গড়তে হবে। না হলে উত্তমের শাসন প্রতিষ্ঠিত হবে না।’বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সমাবর্তনে জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বায়ত্তশাসনের নামে যা চালু রয়েছে তা স্বায়ত্তশাসনের বিকৃত রূপ, প্রকৃত স্বায়ত্তশাসন নয়। উপাচার্যের মনোনয়ন থেকে শুরু করে প্রশাসনের সব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতামত প্রতিফলিত হওয়া দরকার। রাষ্ট্রপতি ও বিএসএমএমইউর আচার্য মো. জিল্লুর রহমান বিশ্ববিদ্যালয়ে নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষকের প্রয়োজনীয়তার উল্লেখ করেন। নতুন স্নাতক ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের সেবার পরিধি শহরের গণ্ডি পেরিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ুক।’স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, বাণিজ্যিক প্রবণতা চিকিৎসকদের মানবিকতাকে গ্রাস করছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত দুই হাজার ৭২০ জন সনদপ্রাপ্ত চিকিৎসককে উদ্দেশ করে বলেন, ‘আপনারা যে যেখানেই থাকুন না কেন, সেখানেই আপনারা আপনাদের এই মাতৃসম প্রতিষ্ঠানের জন্য শুভেচ্ছাদূত হিসেবে কাজ করে যাবেন।’ বিশ্ববিদ্যালয়ের সাফল্য কামনা করে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রমুখ। প্রথম সমাবর্তন: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ষাটের দশকের ছাত্র আন্দোলনে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠনের দাবি তুলেছিলেন বাঙালিরা। ৪৬ বছর পর বিএসএমএমইউ প্রতিষ্ঠা লাভ করে। তারও ১৩ বছর পর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হলো। ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী শিক্ষামন্ত্রী বলেন, ‘আন্দোলনের অনেক সহযাত্রীকে দেখে আমি আজ আনন্দিত বোধ করছি।’বাংলাদেশের চিকিৎসাসেবায় অসামান্য অবদান রাখায় জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, জাতীয় অধ্যাপক এম আর খান, অধ্যাপক শেখ আলী আশরাফ, অধ্যাপক গোলাম রসুল ও অধ্যাপক কে এম নজরুল ইসলামকে বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।