শিক্ষক নিয়োগে ‘রাজনীতি’ খেসারত দিচ্ছে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের ভবনে শ্রেণীকক্ষ তিনটি আর শিক্ষার্থী দেড় শতাধিক। কিন্তু নিয়মিত শিক্ষক নেই একজনও। দুজন ধার করা শিক্ষক দিয়ে এক বছর ধরে যেনতেনভাবে পাঠদান চলছে। বিদ্যালয়টি ঝিনাইদহের সদর উপজেলায়। নাম বাগুটিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় মানুষের অভিযোগ, শিক্ষক নিয়োগ নিয়ে রাজনীতি হওয়ায় বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। সরেজমিনে ১৬ এপ্রিল বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একটি শ্রেণীকক্ষে পাঠদান করছেন রহিমা খাতুন নামের এক শিক্ষক। বাকি শ্রেণীকক্ষগুলোতে শিক্ষার্থীরা হইচই করছে। আফরোজা খাতুন নামের আরেকজন শিক্ষক আছেন কিন্তু তিনি ওই দিন বিদ্যালয়ে আসেননি। এ কারণে রহিমা খাতুনকেই সবকিছু সামাল দিতে হচ্ছিল। রহিমা খাতুন জানান, তাঁরা দুই বছরেরও বেশি সময় এখানে দায়িত্ব পালন করছেন, কিন্তু কোনো বেতন পান না। স্কুলের পাশের একজন দোকানদার জাহিদুল ইসলাম জানান, নিয়োগ করা শিক্ষক ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ঠিকভাবে চলে না। এটাও ঠিকভাবে চলছে না। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক ব্যক্তি জানান, বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন নুর আলী আর তোজাম্মেল হোসেন, আনছার আলী ও তফসির আহম্মদ ছিলেন সহকারী শিক্ষকের দায়িত্বে। এর মধ্যে তোজাম্মেল হোসেন ২০০৭ সালে অবসরে যান এবং একই বছর মারা যান তফসির আহম্মদ। ২০০৮ সালে স্কুল পরিচালনা কমিটি দুজন শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। এতে আবেদন করেন সাতজন। ওই বছরের ২৭ নভেম্বর তাঁদের পরীক্ষা হয়। সেখানে শিক্ষা অফিসের পক্ষ থেকে একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। এতে রোজিনা খাতুন ও পাপিয়া খাতুন নামের দুই প্রার্থী প্রথম ও দ্বিতীয় হলে তাঁদের ২০০৯ সালের জানুয়ারি মাসে নিয়োগ দেওয়া হয়। গ্রামের একাধিক ব্যক্তি অভিযোগ করেন, রোজিনা ও পাপিয়া খাতুনকে নিয়োগপত্র দেওয়ার একদিন পর রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করে। এর তিন দিন পর স্থানীয় নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইরফান আলী বিশ্বাস প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে শিক্ষকদের নিয়োগসংক্রান্ত সব কাগজপত্র কেড়ে নেন। একই সময় তিনি জোর করে ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হয়ে রহিমা খাতুন ও আফরোজা খাতুনকে নিয়োগ দিয়েছেন। ২০১০ সালে প্রধান শিক্ষক নুর আলী ও সহকারী শিক্ষক আনছার আলী অবসরে যান। ইরফান আলী বিশ্বাস বলেন, বিদ্যালয়ের আগের শিক্ষক তোজাম্মেল হোসেন বিএনপির সমর্থক। তিনিসহ আগের প্রধান শিক্ষক বিদ্যালয়ে বিএনপির লোকজনকে নিয়োগ দিতে চেয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়োগপ্রক্রিয়া ঠিক ছিল না। তিনি প্রধান শিক্ষকের কাছ থেকে নিয়োগসংক্রান্ত কাগজপত্র কেড়ে নেওয়ার কথা অস্বীকার করেন।তোজাম্মেল হোসেন জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ছিল। ওই সময় বিএনপির কাউকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়নি। ঝিনাইদহ জেলা অতিরিক্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, বর্তমানে যাঁরা আছেন, তাঁরা ধার করা শিক্ষক। এর আগে যে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাঁরা বিধিমোতাবেক নিয়োগ পেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক কারণে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। ওই প্রার্থীরা আদালতে মামলা করেছেন। এখন আদালতের রায় অনুযায়ী তাঁরা সিদ্ধান্ত নেবেন।