শিক্ষক নিয়োগের দাবি, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের পারপাতাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে গত মঙ্গলবার বিকেলে অভিভাবক ও শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। জানা গেছে, এ বিদ্যালয়ে দুই বছর ধরে দুজন শিক্ষক দুই শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করছেন। অথচ এখানে ছয়জন শিক্ষক থাকার কথা।অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ২২৪ জন। ছয়জন শিক্ষকের মধ্যে রয়েছেন মাত্র দুজন। তাঁরা হলেন প্রধান শিক্ষক তাজুল ইসলাম ও সহকারী শিক্ষক রুহুল আমিন। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস নেওয়া এ দুই শিক্ষকের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। দাপ্তরিক কোনো কাজে প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কার্যালয়ে গেলে বা অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি নাজুক হয়ে পড়ে। পঞ্চম শ্রেণীর ছাত্র রেজাউল করিম জানাল, শিক্ষকের অভাবে প্রায়ই তাদের বিদ্যালয়ে ঠিকমতো ক্লাস হয় না। অভিভাবক জাহিদুল ইসলাম বলেন, ‘দুজন শিক্ষকের পক্ষে এত ছাত্রছাত্রীকে পড়ানো তো দূরের কথা, নিয়ন্ত্রণ করাই কঠিন। বিষয়টি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় জানিয়েও লাভ হচ্ছে না। তাই অসহায় হয়ে আমরা উপজেলা সদরে গিয়ে মানববন্ধন করেছি।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, বিদ্যালয়ে নতুন কোনো শিক্ষককে নিয়োগ দিলেই দেখা যায়, তিনি যোগ দিয়েই প্রশিক্ষণে চলে যান। প্রশিক্ষণ থেকে ফিরে আর বিদ্যালয়ে আসেন না। পরে বদলি হয়ে অন্য বিদ্যালয়ে চলে যান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, এই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হলেও কিছুদিনের মধ্যে তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে অন্য জায়গায় চলে যান। শিক্ষকস্বল্পতার কারণে এলাকায় ছেলেমেয়েদের লেখাপড়া কিছুই হচ্ছে না।উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম কবির বলেন, ‘ওই বিদ্যালয়ে নতুন শিক্ষক দেওয়ার চেষ্টা করব।’