শিক্ষক নিয়োগের দাবিতে ক্লাস বর্জন, ভাঙচুর
নওগাঁর বদলগাছী উপজেলার মির্জাপুর কেসি উচ্চবিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে ক্লাস বর্জন ও অফিস কক্ষ ভাঙচুর করেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্ছিত হন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে ২০০৭ সালে ইংরেজি বিষয়ের শিক্ষক নরেশ চন্দ্র অবসর গ্রহণ করেন। এর পর থেকে ইংরেজির শিক্ষক ছাড়াই পাঠদান চলছে। এতে ছাত্রছাত্রীরা ইংরেজি বিষয়ে পিছিয়ে যাচ্ছে। শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা পরীক্ষার ফলও খারাপ করছে।
শিক্ষার্থী ও অভিভাবকেরা দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এতদিনেও ইংরেজি বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক ধরণের ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আবু হাসানাত মো. সামসুজ্জামান নামের এক অভিভাবক বলেন, সম্প্রতি প্রধান শিক্ষক মখলেছার রহমান ইংরেজি বিষয়ের শিক্ষকের স্থলে সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে তাঁর এক আত্মীয়কে নিয়োগ দেওয়ার চেষ্টা চালিয়ে আসছেন। গতকাল সকালে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের সঙ্গে অভিভাবকেরাও একাত্মতা জানিয়ে স্কুলমাঠে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে। তারা অফিস কক্ষের আসবাব ভাঙচুর করে প্রধান শিক্ষককে তাঁর কক্ষে অবরোধ করে রাখেন। পরে দুপুর ১২টার দিকে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রধান শিক্ষক মখলেছার রহমান বলেন, বিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ক্ষেত্রে ইংরেজির শিক্ষক নিয়োগ দিতে হলে ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে আগে ইংরেজির পদ শূন্য করতে হবে। পরে ইংরেজির শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। তবে এটি সময়ের ব্যাপার।
মখলেছার রহমান আরও বলেন, বিধি মোতাবেক কাজ করতে গিয়ে বিপদে পড়তে হচ্ছে। অভিভাবক ও শিক্ষার্থীরা বিষয়টি মানতে চাইছে না।