শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক নিয়োগ ও নতুন বিষয় খোলার দাবিতে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে জেলা শহরের প্রধান সড়কে তারা ওই কর্মসূচি পালন করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।কলেজ সূত্রে জানা গেছে, ২০০৯ সাল থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ শিক্ষকসংকটের কথা জানিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একাধিকবার আবেদন করেছে। এর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং এ সময়ের মধ্যে যাঁরা অন্যত্র বদলি হয়েছেন, সে পদগুলোও শূন্য রয়ে গেছে। কলেজে বর্তমানে শিক্ষকদের ১৯টি পদের মধ্যে ১০টিই শূন্য। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বাংলা, দর্শন, রসায়ন ও জীববিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক নেই।অধ্যক্ষ মো. সফিক উদ্দিন বলেন, ‘শিক্ষকসংকটের কথা জানিয়ে আমরা কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়েছি। কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি।’ প্রথম আলোয় ১৪ অক্টোবর ‘রায়পুর ডিগ্রি কলেজ, পাঁচটি বিষয়ে শিক্ষক নেই’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।