লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা গতকাল রোববার ঘণ্টাব্যাপী চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেন। এ সময় রাস্তার দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। একই দাবিতে গত ২৩ অক্টোবর শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কে মানববন্ধন করেছিলেন। কলেজ সূত্র জানায়, কলেজে বর্তমানে এক হাজার ১০০ শিক্ষার্থী রয়েছে। আর শিক্ষকের পদ ১৮টি থাকলেও তিন থেকে পাঁচ বছর ধরে নয়টি পদই শূন্য। এ সংকটের কথা জানিয়ে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে অর্ধশত চিঠি দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। বর্তমানে কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বাংলা, দর্শন, রসায়ন বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক নেই।প্রত্যক্ষদর্শী ও অবরোধকারী কয়েকজন শিক্ষার্থী জানান, বেলা ১১টার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা লেংড়া বাজার এলাকায় রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় রাস্তার দুই পাশে প্রায় চার শ গাড়ি আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে পুলিশ এসে যাত্রীদের ভোগান্তির কথা শিক্ষার্থীদের বুঝিয়ে বললে তাঁরা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন। অবরোধে অংশ নেওয়া স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র আবদুর রশিদ বলেন, ‘খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা কলেজে ভর্তি হয়ে আমাদের জীবনটা এখন ডুবো ডুবো। কোনো উপায় না পেয়ে আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।’ স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র মনির হোসেন, একাদশ শ্রেণীর ছাত্রী পারুল আক্তার ও ফারজানা আক্তার জানান, বেসরকারি কলেজে লেখাপড়ার খরচ চালানোর মতো সাধ্য তাঁদের নেই, তাই সরকারি কলেজে ভর্তি হন। কিন্তু শিক্ষক-সংকটের কারণে নিয়মিত ক্লাস হয় না। নাম প্রকাশ না করার শর্তে কলেজের একজন শিক্ষক বলেন, পাঁচটি বিষয়ে কোনো শিক্ষক নেই। এ বিষয়গুলোতে কলেজে পাঠদান হচ্ছে না। শিক্ষকের জন্য অনেক আবেদন-নিবেদন এবং শিক্ষার্থীরা মানববন্ধন করেও কোনো ফল পাওয়া যায়নি। এখন শিক্ষার্থীরা তাঁদের অধিকার আদায়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. সফিক উদ্দিন বলেন, শিক্ষক-সংকটের কথা জানিয়ে কর্তৃপক্ষকে বারবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় ছাত্রছাত্রীরা গতকাল সড়ক অবরোধ করেছে বলে শুনেছি।রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সড়ক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।