বান্দরবানের রুমা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে পর্যাপ্তসংখ্যক শিক্ষক নিয়োগের দাবিতে গতকাল রোববার বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন অভিভাবকেরা। আগামী বুধবারের মধ্যে শিক্ষক দেওয়া না হলে বৃহস্পতিবার থেকে উপজেলার সমস্ত নৌ ও সড়কপথ বন্ধ করে দেওয়াসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন তাঁরা।অভিভাবকেরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময়ে সমাবেশ এবং শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েও কোনো কাজ হয়নি। এক অভিভাবক প্রহলাদ মারমা বলেন, তাঁর মেয়ে নবম শ্রেণীতে পড়ে। সে শুধু বিদ্যালয়ে আসা-যাওয়া করে। কোনো পড়াশোনা হয় না। শিক্ষক না থাকায় মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।আরেক অভিভাবক বিশ্বজিৎ দাশ বলেন, উপজেলায় এটাই একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু বিদ্যালয়টি শিক্ষক-সংকটে কার্যত অচল থাকার কারণে উপজেলার অনগ্রসর ও দরিদ্র ছেলেমেয়েরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক লুপ্রু মারমা বলেন, আদিবাসী অধ্যুষিত এলাকার বিদ্যালয় হওয়ায় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষক-সংকট তৈরি করে রেখেছে, যাতে এই এলাকার মানুষ শিক্ষার সুযোগ থেকে দূরে থাকে এবং অধিকারসচেতন না হতে পারে। তিনি বলেন, আগামী বুধবারের মধ্যে শিক্ষক দেওয়ার জন্য অভিভাবকেরা সময় বেঁধে দিয়েছেন। তাঁদের সঙ্গে জনসংহতি সমিতি একাত্মতা ঘোষণা করবে।রুমা সদর ইউপির সদস্য পলাশ চৌধুরী বলেন, বুধবারের মধ্যে শিক্ষক দেওয়া না হলে বৃহস্পতিবার থেকে নৌ ও সড়কপথ অবরোধ করা হবে। তাতেও কাজ না হলে সরকারি অফিস-আদালত ও উন্নয়ন কর্মকাণ্ড বর্জনের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। শিক্ষক-সংকটের কারণে এ বছরের এসএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হয়েছে উল্লেখ করে প্রধান শিক্ষক নুরুল আলম জানান, বিদ্যালয়ে শিক্ষক আছে ন প্রধান শিক্ষকসহ মাত্র তিনজন। তাঁরাই দুই বছর ধরে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করছেন। অথচ শিক্ষক থাকার কথা ১১ জন। তাই এবারের পরীক্ষায় ১০৩ জনের মধ্যে মাত্র ৩১ জন উত্তীর্ণ হয়েছে।প্রধান শিক্ষক বলেন, ৫০-৬০ জন অভিভাবক বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ সময় তাঁদের করার কিছু ছিল না। তিনি বলেন, স্থানীয়ভাবে শিক্ষিত কাউকে না পেয়ে দুজন অস্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠকের কারণে আগামী বুধবার পর্যন্ত এমনিতে বিদ্যালয় বন্ধ থাকবে বলে তিনি জানান। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান শিক্ষক-সংকটের কথা স্বীকার করে বলেন, শিক্ষকের জন্য কয়েকবার তাগিদ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রধান শিক্ষকের সহযোগিতা না পাওয়ায় কিছু করা যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক আজিজুর রহমান বলেন, শুধু রুমায় নয়, চট্টগ্রাম বিভাগের ৫২টি সরকারি বিদ্যালয়ে ২৪২ জন শিক্ষকের পদ খালি রয়েছে। তিনি বলেন, ১৭ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। ছুটি শেষে দুজন শিক্ষক রুমায় দেওয়ার চেষ্টা করা হবে। স্থানীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্যও প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।