লালমনিরহাটে টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগের দাবিতে গতকাল সোমবার কলেজে ভাঙচুর ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।কলেজ সূত্রে জানা গেছে, কলেজে ছয় মাস ধরে বাংলা বিভাগে কোনো শিক্ষক নেই। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছিল। কিন্তু তাদের দাবি পূরণ করা হয়নি। বরং কোনো রকমে অন্য বিভাগের শিক্ষক দিয়ে বাংলা ক্লাস চালানো হচ্ছিল। শিক্ষক নিয়োগের দাবিতে গতকাল দুপুরে শিক্ষার্থীরা প্রথমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে। পরে তারা কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে। এ সময় তারা কলেজের দরজা-জানালা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম জানান, শিক্ষক চেয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে।