শিক্ষক নেই বিদ্যালয়ে
বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখা ১৫০ জন। এদের জন্য বর্তমানে কোনো শিক্ষক নেই। এলাকার দু-একজন মাঝেমধ্যে এসে ক্লাস নেন। যেদিন কেউ আসেন না, সেদিন শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে খেলাধুলা ও হইচই করে বাড়ি ফিরে যায়। বিদ্যালয়টির নাম নোয়াপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। গত বৃহস্পতিবার সরেজমিনে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের এমন করুণ চিত্রই দেখা গেছে। এটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামে অবস্থিত। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০০ সালে নোয়াপাড়া কমিউনিটি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। শুরুতে এখানে চারজন শিক্ষক ছিলেন। মাত্র ৫০০ টাকা বেতন হওয়ায় তিনজন শিক্ষক চাকরি ছেড়ে চলে গেছেন। বাকি একজন শিক্ষিকা বিবি আমেনা গত আগস্ট মাস থেকে মাতৃত্বজনিত ছুটিতে আছেন। নোয়াপাড়া গ্রামের বাসিন্দা সাবেক শিক্ষক আলী আহম্মদ ও হাটিলা-টঙ্গীরপাড় ডাকঘরের পোস্টমাস্টার সোলেমান মিয়া মাঝেমধ্যে বিদ্যালয়ে এসে ক্লাস নেন।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সাবেক শিক্ষক আলী আহম্মদ একটি শ্রেণীকক্ষে ক্লাস নিচ্ছেন। অন্য শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা চেঁচামেচি করছে। তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষকসংকট থাকায় গত দুই বছর তিনি এখানে সময় দিচ্ছেন। আলী আহম্মদ আরও বলেন, ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে এবার ৭৫ জন দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নিয়েছে। আর পঞ্চম শ্রেণীর ২০ জন শিক্ষার্থী এবার সমাপনী পরীক্ষায় অংশ নেবে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. সিরাজুল ইসলাম জানান, শিক্ষকসংকটের কথা জানিয়ে স্থানীয় সাংসদের কাছে গত ফেব্রুয়ারি মাসে একটি আবেদন করা হয়েছে। সাংসদ বিষয়টি সমাধানের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন জানান, আগে কমিউনিটি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ শিক্ষক নিয়োগ দিত। গত বছরের আগস্ট থেকে কমিউনিটি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নিয়োগ সরকারিভাবে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।