শিক্ষক নেতা আমানুল্লাহ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ আমানুল্লাহ
শেখ আমানুল্লাহ

প্রবীণ শিক্ষক নেতা, শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শেখ আমানুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। তিনি আজীবন শিক্ষকদের অধিকার আদায়ে কাজ করেছেন। শেখ আমানুল্লাহ ১৯২৯ সালে সাতক্ষীরার কলারোয়া থানার ঝাপঘাটা গ্রামে এক শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন। কলারোয়া হাইস্কুল থেকে ১৯৪৭ সালে ম্যাট্রিক পাস করে যশোরে মাইকেল মধুসূদন কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। ১৯৬০ কলারোয়া হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৬ সালে অবসর গ্রহণ করেন। বিকেলে মরহুমের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দাফনের জন্য মরদেহ নিয়ে স্বজনেরা সাতক্ষীরার পথে রওনা দেন। এই শিক্ষক নেতার মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।